১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা ইউরিয়াসহ’ আটক ১০

সংকেত অমান্য করে ট্রলারটির চালক গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করছিল বলে জানায় কোস্ট গার্ড।

‘মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা ইউরিয়াসহ’ আটক ১০
সারসহ ট্রলারে থাকা ১০ পাচারকারীকে আটক করে কোস্ট গার্ড।

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2025, 04:08 PM

Updated : 26 Aug 2026, 12:38 PM

সাগরপথে অবৈধভাবে মিয়ানমারে পাচারের সময় ট্রলার থেকে ৬০০ বস্তা ইউরিয়া সারসহ ১০ জনকে আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে বিষয়টি জানিয়েছেন কোস্ট গার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশিদ।

আটক ১০ জন কক্সবাজার, চট্টগ্রাম ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

কোস্ট গার্ড কর্মকর্তা হারুন-অর-রশিদ বলেন, সাগরে ৫৮ দিন মাছ ধরার নিষেধাজ্ঞা চলমান থাকায় কোনো ট্রলার অবস্থান করা বেআইনি। কিন্তু বৃহস্পতিবার মধ্যরাতে টেকনাফের সেন্ট মার্টিন উপকূলের গভীর সাগরে সন্দেহজনক একটি মাছ ধরার ট্রলার দেখতে পান কোস্ট গার্ডের জাহাজ তাজউদ্দিনের সদস্যরা। 

তখন কোস্ট গার্ড সদস্যরা ট্রলারটিকে থামার সংকেত দেন। কিন্তু সংকেত অমান্য করে ট্রলারটির চালক গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে কোস্ট গার্ড সদস্যরা ট্রলারটি ধরে ফেলেন। 

পরে যানটিতে তল্লাশি চালিয়ে ‘মিয়ানমারের রাখাইন রাজ্যে পাচারের জন্য বহন করা ৬০০ বস্তা ইউরিয়া সার পাওয়া যায়’। তখন সারসহ ট্রলারে থাকা ১০ পাচারকারীকে আটক করা হয়।

কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা আরো বলেন, পরে সকালে ট্রলারটি টেকনাফ স্থলবন্দর সংলগ্ন কোস্ট গার্ডের জেটি ঘাটে নিয়ে আসা হয়। ট্রলারটি থেকে জব্দ করা সার টেকনাফ কাস্টমস কার্যালয়ে জমা রাখা হয়েছে।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা হয়েছে বলে জানান কোস্ট গার্ড কর্মকর্তা এইচ এম এম হারুন-অর-রশিদ।