Published : 17 Jan 2026, 08:39 PM
অসুস্থ নাতনিকে নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগে আছেন হাসনা বেগম। শনিবার যখন এই হাসপাতালে আগুন লাগে তখন চরম আতঙ্কের মধ্যে পড়েন তিনি।
সেকথা জানিয়ে তিনি বলেন, “ধোঁয়ার কারণে উপরে উঠতে পারছিলাম না, আবার নামতেও পারছিলাম না। কান্নাকাটি আর চিৎকার ছাড়া কিছু করার ছিল না। পরে কয়েকজন মিলে আমাদের নামিয়ে আনে।”
শনিবার বিকালে এই হাসপাতালের ৮তলা নতুন ভবনের ৬ তলায় শিশু ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন লাগার পরপরই হাসপাতালের ভেতর ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। জীবন বাঁচাতে অসুস্থ শিশুদের কোলে নিয়ে স্বজনদের সিঁড়ি দিয়ে নিচে নামার দৃশ্য দেখা যায়। আতঙ্কিত হয়ে রোগীদের হুড়োহুড়িতে হাসপাতালে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
আগুনে প্রাণহানির ঘটনা না ঘটলেও হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
২ বছর বয়সী সন্তানকে নিয়ে শিশু ওয়ার্ডে ভর্তি ছিলেন মো. রহমত আলী। তিনি বলেন, “হঠাৎ দেখি চারদিক ধোঁয়ায় ভরে গেছে। আগুনের নাম শুনেই বাচ্চাকে কোলে নিয়ে অক্সিজেন মাস্ক ছাড়াই দৌঁড়ে নিচে নেমে আসি।
“সিঁড়িতে মানুষের চাপে আমার বাচ্চার অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছিল। নামতে গিয়ে নিজেও ব্যাথা পেয়েছি।”
হাসপাতালের বাইরে অপেক্ষমাণ রোগীর স্বজন আব্দুল লতিফ বলেন, “আগুন লাগার পর চারদিকে শুধু চিৎকার আর মানুষের ছোটাছুটি ছিল। ইমারজেন্সি অনেক রোগীকে স্বজনরা ভয়ে বেসরকারি ক্লিনিকে নিয়ে গেছেন।”

ফায়ার সার্ভিস ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বিকাল ৪টা ৩৬ মিনিটে ষষ্ঠ তলার একটি স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই ধোঁয়া পুরো তলায় ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৯টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তায় বিকাল ৫টা ১৫ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী বলেন, “ছয়তলায় রোগীদের আসবাবপত্র রাখার স্টোর রুম থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, “ছয়তলায় মূলত শিশু ওয়ার্ড। আগুন লাগার পরপরই শিশু, হৃদরোগ ও অন্যান্য বিভাগের সব রোগীদের নিরাপদে নিচে নামিয়ে আনা হয়। আল্লাহর রহমতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”
তিনি আরও বলেন, “বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে হাসপাতালের বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন রাখা হয়েছে।”
আগের নিউজ
ময়মনসিংহ মেডিকেলে আগুন, আধাঘণ্টা পর নিয়ন্ত্রণে