নারায়ণগঞ্জ-৫: কর্মীদের চাপে ভোটের মাঠে ফিরলেন বিএনপির মাসুদ
মঙ্গলবার হঠাৎ করেই নিরাপত্তার আশঙ্কা ব্যক্ত করে ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মাসুদুজ্জামান মাসুদ।
নেতা-কর্মীদের টানা চাপের মুখে নির্বাচন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত পাল্টে ভোটের মাঠে ফেরার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ।
শুক্রবার বিকালে নগরীর তল্লা এলাকায় তার পোশাক কারখানা মডেল ডি ক্যাপিটালের সামনে তিনি নির্বাচন করার ঘোষণা দেন।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর মঙ্গলবার হঠাৎ করেই জরুরি সংবাদ সম্মেলন ডেকে নিরাপত্তার আশঙ্কা ব্যক্ত করে ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মাসুদুজ্জামান মাসুদ। এ সময় তিনি বলেন, পরিবারের সদস্যরা তার নিরাপত্তা নিয়ে শঙ্কিত। পরিবারের অনুরোধে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এবং তিনি মনোনয়নপত্রও কিনবেন না।
দলীয় প্রার্থীর এমন সিদ্ধান্তে হতবাক নেতা-কর্মীরা তাৎক্ষণিক প্রতিবাদ জানান। শহরে মিছিলও করে তারা মাসুদুজ্জামানকে তার সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ জানান।
বৃহস্পতিবার বিকালে মহানগর বিএনপির এক আলোচনা সভায় সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, “বিএনপির নেতা-কর্মীরাও আপনার পরিবারের সদস্য। আপনার নিরাপত্তার অভাব হলে নেতা-কর্মীরা আপনাকে পাহারা দেবে। আপনি সিদ্ধান্ত বদলে আবারও মাঠে ফিরে আসুন।”
খানপুরে মাসুদুজ্জামানের প্রধান নির্বাচনি কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভা থেকে শুক্রবার মাসুদুজ্জামানের ব্যবসা প্রতিষ্ঠান ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন দলটির নেতারা।
শুক্রবার নেতা-কর্মীরা তল্লায় জড়ো হলে মাসুদুজ্জামান তার প্রতিষ্ঠান থেকে বেরিয়ে আসেন। তখন তাকে দেখে নেতা-কর্মীরা সিদ্ধান্ত বদলানোর আহ্বান জানিয়ে স্লোগান দিতে থাকেন।
পরে মাসুদুজ্জামান তাদের উদ্দেশে বলেন, “আমার নির্বাচন না করার ঘোষণায় দলের নেতা-কর্মীরা আঘাতপ্রাপ্ত হয়েছেন। আমি সকলের কাছে নিঃশর্ত ক্ষমা চাই। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। যে ভালোবাসা আপনাদের মাধ্যমে আমি পেয়েছি, তাতে আমি আমার সিদ্ধান্ত থেকে সরে আসলাম।”
“আমি জাতীয়তাবাদী দলের মনোনয়ন পেয়েছি, আমি আসনটিতে নির্বাচন করবো, ইনশাআল্লাহ।”
