২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে পাটখেতে শিশুর লাশ: ধর্ষণ ও হত্যা মামলায় তরুণ গ্রেপ্তার

শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

রংপুরে পাটখেতে শিশুর লাশ: ধর্ষণ ও হত্যা মামলায় তরুণ গ্রেপ্তার
গ্রেপ্তার মুজাহিদ ইসলাম।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2026, 06:41 PM

Updated : 11 Sep 2026, 03:28 PM

রংপুরের তারাগঞ্জ উপজেলায় নয় বছরের এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার রাতে উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর কোরানিপাড়া এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান তারাগঞ্জ থানার ওসি রুহুল আমিন।

এর আগে নিখোঁজের একদিন পর শনিবার সকালে ডালিয়া সেচ ক্যানালের পাশের একটি পাটখেত থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় রোববার শিশুটির বাবা বাদী হয়ে তারাগঞ্জ থানায় অজ্ঞাত পরিচয়দের আসামি করে ধর্ষণ ও হত্যা মামলা করেন।

গ্রেপ্তার মুজাহিদ ইসলাম (১৮) ওই এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, স্থানীয় একটি কিন্ডারগার্টেন মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শুক্রবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে স্বজনরা অনেক খোঁজাখুঁজি ও এলাকায় মাইকিং করেও তার সন্ধান পাননি। 

পরদিন সকালে স্থানীয় লোকজন সেচ ক্যানেলের পাশে একটি পাটখেতে শিশুটির লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

এ ঘটনায় মামলার পর রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করে পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে মুজাহিদকে আটক করা হয়।

ওসি রুহুল আমিন বলেন, শিশু হত্যার রহস্য উদ্ঘাটনে মুজাহিদকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত বলা সম্ভব নয়।