ফেনীতে জেলিযুক্ত ১০০ কেজি চিংড়ি জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা
জব্দের পর শতাধিক কেজি চিংড়ি মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।
ফেনীতে ক্ষতিকর জেলি মেশানো ১০০ কেজি চিংড়ি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকালে ফেনীর মুক্তবাজার পৌর মৎস্য আড়তের দুটি প্রতিষ্ঠানে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) লিখন বণিক এ অভিযান চালান।
জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, ফেনীর মুক্তবাজার পৌর মৎস্য আড়তে চিংড়িতে ক্ষতিকর জেলি মেশানোর খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। এ সময় ‘আল্লার দান মৎস্য আড়ত’ ও ‘শাহজালাল মৎস্য আড়ত’ থেকে ক্ষতিকর জেলি মেশানো ১০০ কেজি চিংড়ি জব্দ করা হয়।
“জেলি মেশানোর অপরাধে আল্লার দান মৎস্য আড়তকে ২০ হাজার টাকা এবং শাহজালাল মৎস্য আড়তকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।”
সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসেম বলেন, জব্দ করা শতাধিক কেজি চিংড়ি মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।
নিরাপদ খাদ্য নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন লিখন বণিক ।
