নারায়ণগঞ্জে পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ
গাড়িটির সামনের সম্পূর্ণ অংশ পুড়ে গেছে বলে জানান ওসি।
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়েছে। এতে গাড়িটির সামনের সম্পূর্ণ অংশ পুড়ে গেছে।
শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটি এলাকায় এই ঘটনা ঘটে বলে ফতুল্লা মডেল থানার ওসি নূরে আযম জানান।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ফতুল্লা স্টেশনের ডিউটি অফিসার এহসানুল হক বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।
ওসি নূরে আযম বলেন, “পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন পৌঁছানোর আগেই স্থানীয়রা পিকআপ ভ্যানটির আগুন নিভিয়ে ফেলে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। গাড়িটের সামনের সম্পূর্ণ অংশ পুড়ে গেছে।”
অগ্নিসংযোগকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
