২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি-জামায়াত বিচার বিভাগের উন্নয়নে ১ টাকাও খরচ করেনি: আইনমন্ত্রী

পিরোজপুরের নবনির্মিত মুখ্য বিচারিক হাকিম আদালতের ভবন ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনের সময় তত্ত্বাবধায়ক সরকারের সময়ের কথাও উল্লেখ করেন মন্ত্রী।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2024, 11:23 PM

Updated : 25 Feb 2024, 11:23 PM

গত বিএনপি-জামায়াত জোট সরকার ও পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের আমলে আইন ও বিচার বিভাগের উন্নয়নে এক টাকাও বরাদ্দ হয়নি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেছেন, “বর্তমান সরকারের সময়ে দেশের আইন বিভাগের উন্নয়নে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে, যার সুফল জনগণ পেতে শুরু করেছে।”

রোববার দুপুরে পিরোজপুরের নবনির্মিত মুখ্য বিচারিক হাকিম আদালতের ভবন ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

২০১৩ সালের ১৯ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিরোজপুরে এক সরকারি  সফরে বেশ কয়েকটি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

এর মধ্যে মুখ্য বিচারিক হাকিম আদালত ভবন একটি। পিরোজপুর গণপূর্ত বিভাগ দীর্ঘ এক যুগ পর পৌর শহরের কৃষ্ণনগর ও জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন এক একরেরও বেশি জায়গা নিয়ে ৮তলার দৃষ্টিনন্দন আদালত ভবন নির্মাণ কাজ শেষ করে।

পিরোজপুর গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. সুলতান মাহমুদ সৈকত জানান, ৮ তলার এ আদালত ভবন নির্মাণে ব্যয় হয়েছে ৫৬ কোটি ৬৪ লাখ ৩৬ হাজার টাকা।

২০৪১ সালের মধ্যে সুখী-সমৃদ্ধ-স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করার লক্ষ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবিরাম কাজ করে যাচ্ছেন মন্তব্য করে আইনমন্ত্রী বলেন,  “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরও স্বপ্ন ছিল একটি সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার।” 

পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য শ ম রেজাউল করিম, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিন মহারাজ, (ভারপ্রাপ্ত) জেলা জজ মো. মোক্তাদির আলম, জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল ইসলাম।