২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে এক্সক্যাভেটরের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ২

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত দশজন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2022, 10:42 AM

Updated : 08 Sep 2022, 10:52 AM

গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা এক্সক্যাভেটরের সঙ্গে বাসের ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত দশজন।

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে থানার পরিদর্শক আবু নাঈম মো. তোফাজ্জল হক জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ডুমদিয়া এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম পরিচয় জানা গেছে। তিনি হলেন- খুলনার আব্বাস আলীর ছেলে দিগন্ত পরিবহনের চালক বাচ্চু মোল্লা (৬১)।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং প্রায় চার কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়। পুলিশ সড়ক থেকে দুর্ঘটনা কবলিত বাস ও স্কেভেটর সরিয়ে নিলে রাত ১২টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

পরিদর্শক আবু নাঈম বলেন, বাগেরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী দিগন্ত পরিবহনের যাত্রীবাহী বাসটি রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি এক্সক্যাভেটরের পেছনে গিয়ে সজোরে ধাক্কা খায়।

“এতে বাসটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বাসের চালকসহ দুজন নিহত হন। আহত হন আরও দশজন।”

আহতদের মধ্যে ছয়জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।