২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘অবৈধ সম্পদ’: সিরাজগঞ্জে ব্যবসায়ী দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা

আলাদা দুটি মামলায় তাদের বিরুদ্ধে আয় বহির্ভূত এক কোটি ৩৫ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে।

‘অবৈধ সম্পদ’: সিরাজগঞ্জে ব্যবসায়ী দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা
পাবনায় দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2025, 05:16 PM

Updated : 26 Aug 2026, 11:16 AM

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এক ব্যবসায়ী দম্পতির বিরুদ্ধে আলাদা দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। 

মামলায় তাদের বিরুদ্ধে আয় বহির্ভূত এক কোটি ৩৫ লাখ ৯৯ হাজার ৯৯০ টাকার সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে। 

বুধবার সকালে দুদক পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর মামলা দুটি করেন বলে জানান একই কার্যালয়ের উপ-পরিচালক শহিদুল আলম সরকার।

আসামি হেলাল হোসেন (৫৩) উপজেলার ঘরগ্রাম পূর্বপাড়ার প্রয়াত মোজাম্মেল হকের ছেলে। অপরজন হেলালের স্ত্রী শেফালী খাতুন খুশি (৪৩)।

মামলায় বলা হয়েছে, উপজেলার মহিষলুটি বাজারের মেসার্স এইচ এস এন্টার প্রাইজের স্বত্বাধিকারী হেলাল হোসেন দুদকে দাখিল করা সম্পদ বিবরণী অনুযায়ী ২৬ লাখ ৪২ হাজার ৭৩ টাকার জ্ঞাত আয়ের উৎসর সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন। 

অপর মামলার আসামি শেফালী এন্টার প্রাইজের স্বত্বাধিকারী শেফালী খাতুন দুদকে দাখিল করা সম্পদ বিবরণী অনুযায়ী ২১ লাখ ৪৪ হাজার ৫৩৩ টাকা মূল্যের সম্পদ অর্জনের তথ্য গোপন এবং ৮৮ লাখ ১৩ হাজার ৩৮৪ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ দখলে রেখেছেন। 

এ কাজে তার স্বামী হেলাল হোসেন সহযোগিতা করেছেন; যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারা এবং দন্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ। 

পরে এ দম্পতির বিরুদ্ধে আলাদা দুটি মামলা করা হয় বলে জানান দুদকের শহিদুল আলম সরকার।