মানিকগঞ্জে বেশি দামে জ্বালানি বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা
ব্যবসায়ীর বিরুদ্ধে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে অকটেন, পেট্রোল ও ডিজেল বিক্রির অভিযোগ পায় ভ্রাম্যমাণ আদালত।
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে উপজেলার অন্বয়পুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন শিবালয় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম জান্নাতুল নাইম।
দণ্ড পাওয়া ব্যবসায়ীর নাম মো. আরশেদ আলী বেপারী।
নির্বাহী হাকিম জান্নাতুল নাইম বলেন, গোপন খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে দেখা যায়, একটি দোকানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে অকটেন, পেট্রোল ও ডিজেল করা হচ্ছিল।
উপস্থিত জনতার সামনে দোকান মালিক আরশেদ অভিযোগ স্বীকার করলে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা জরিনা করা হয়। এ ছাড়া ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য তাকে সতর্ক করা হয়।
বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী হাকিম।
