কিশোরগঞ্জ-১: বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বঞ্চিতদের সংবাদ সম্মেলন
ঘোষিত প্রার্থীকে বাদ দিয়ে বাকি মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে যোগ্য কাউকে বেছে নিতে দলের প্রতি আহ্বান জানান বিএনপির একাংশের নেতারা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসনে বিএনপি ঘোষিত প্রার্থী মাজহারুল ইসলামকে পরিবর্তনের দাবিতে মনোনয়ন বঞ্চিত পাঁচ প্রার্থী সংবাদ সম্মেলন করেছেন।
সোমবার দুপুরে শহরের স্টেশন রোডে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক সংসদ সদস্য ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাসুদ হিলালী।
তিনি দলসহ জনস্বার্থে কিশোরগঞ্জ-১ আসনে বিএনপি ঘোষিত প্রার্থীকে বাদ দিয়ে বাকি মনোনয়ন প্রত্যাশীদের মধ্য থেকে সৎ, আদর্শবান ও জনবান্ধব বিবেচনায় যোগ্য কাউকে বেছে নিতে দলের প্রতি আহ্বান জানান।
এতে মুক্তিযোদ্ধা মাসুদ হিলালী ছাড়াও ২০১৮ সালে দলীয় মনোনয়ন পাওয়া জেলা বিএনপির সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নু, সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহ সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা বিএনপির সাবেক সহসভাপতি রুহুল হোসাইন এবং জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিএনপি নেতা মাসুদ হিলালী বলেন, মাজহারুল ইসলামকে যদি বাদ দেওয়া না হয়, তাহলে এই সংসদীয় এলাকার মানুষ যোগ্য ও উপযুক্ত প্রার্থী বেছে নিয়ে তাকে নির্বাচিত করে সংসদে পাঠাবে।
তিনি বলেন, “মাজহারুল ইসলাম স্বৈরাচারের দোসর ও আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সঙ্গে আতাঁত করে চলায় তার বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছরে একটি মামলাও হয়নি। তার গায়ে একটি আচড়ও লাগেনি। অথচ ফ্যাসিস্ট সরকারের হাতে নির্যাতিত ও নিগৃহীত নেতাদের পাশ কাটিয়ে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে।”
মাজহারুল ইসলামকে ‘দুর্বল নৈতিকতার’ মানুষ দাবি করে ২০১৮ সালে দলীয় মনোনয়ন পাওয়া জেলা বিএনপির সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নু বলেন, “তিনি একজন চিহ্নিত ‘দুর্নীতিপরায়ণ ও চাঁদাবাজ’ হিসেবে কিশোরগঞ্জের মানুষের কাছে পরিচিত।”
কিশোরগঞ্জ জেলা সভাপতি শরীফুল আলমের প্রতি ইঙ্গিত করে রেজাউল করিম খান চুন্নু বলেন, শুধু তার কথাতেই মাজহারুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে। তাই এ মনোনয়ন বাতিল করতে হবে।
সংবাদ সম্মেলনে নেতারা মাজহারুল ইসলামকে অযোগ্য ঘোষণা ও তার প্রার্থীতা বাতিল করে অন্য কাউকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। অন্যথায় লাগাতার কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
জেলা শহরের স্টেশন রোডে রেজাউল করিম খান চুন্নুর ব্যক্তিগত কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
