২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জ-১: বিএনপির বঞ্চিত দুই প্রার্থীর মিছিল ও সমাবেশ

রেজাউল করিম খান চুন্নু স্বতন্ত্রভাবে নির্বাচনের ঘোষণা দেন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2025, 10:54 PM

Updated : 26 Aug 2026, 05:16 PM

কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে বিএনপি ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবিতে বঞ্চিত দুই প্রার্থীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

রোববার সন্ধ্যার পর জেলা শহরের কালিবাড়ী মোড় থেকে বিএনপি নেতা রেজাউল করিম খান চুন্নু ও খালেদ সাইফুল্লাহ সোহেলের নেতৃত্বে এই মিছিল বের হয়। 

মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোডে রেজাউল করিম করিম খান চুন্নুর ব্যক্তিগত কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। 

কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নু এবং জেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসাধারণ সম্পাদক, সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল দীর্ঘদিন ধরেই মনোনয়নের আশায় গণসংযোগ করে আসছিলেন।   

জেলা বিএনপির সাবেক সহসভাপতি রুহুল হোসাইন, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফুল ইসলাম, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট শেখ মাসুদ ইকবাল ও মো. মাহবুবুজ্জামান তালুকদার মিছিলে অংশ নেন। 

চুন্নুর স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা

এর আগে সন্ধ্যায় সংবাদ সম্মেলনে রেজাউল করিম খান চুন্নু স্বতন্ত্রভাবে নির্বাচনের ঘোষণা দেন। 

নিজের ব্যক্তিগত কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “কিশোরগঞ্জ-১ আসনে বিএনপি ঘোষিত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামকে দুর্বল নৈতিকতার মানুষ। যেনতেন প্রকারে মনোনয়ন আনতে পারলেও তিনি মানুষের মন জয় করতে পারবেন না। কারণ জনগণ আমার দিকে তাকিয়ে আছে। মানুষ আমাকে চায় বলেই আমি নির্বাচনে অংশ নেব এবং নির্বাচিত হব।”