২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র আন্দোলনে হামলা: চাঁদপুরে আওয়ামী লীগের নেতাকর্মীসহ শতাধিক আসামি

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল এ মামলার প্রধান আসামি।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2024, 04:38 PM

Updated : 26 Aug 2026, 10:45 AM

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও মারধরের ঘটনায় চাঁদপুরে আরও একটি মামলা হয়েছে।  

শহরের ক্লাব রোড এলাকার বাসিন্দা ইমান হোসেন খানের ছেলে আল-আমিন হোসেন বাদী হয়ে শুক্রবার রাতে চাঁদপুর সদর মডেল থানার মামলাটি দায়ের করেন বলে রোববার ওই থানার ওসি মো. বাহার মিয়া জানান।

মামলায় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালকে প্রধান আসামি করা হয়েছে।

এছাড়া ১১০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ১০০ থেকে ১৫০ জন এ মামলার আসামি বলে ওসি বাহার জানান।

মামলার আসামিদের মধ্যে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান ভুঁইয়া কালু, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমানসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর সদর মডেল থানার এসআই মো. একরামুল হক বলেন, মামলায় জাহঙ্গীর শিকদার নামে এক আসামিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি এর আগে আরেকটি মামলায় গ্রেপ্তার রয়েছেন।

এ ছাড়া এ মামলার মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অগাস্ট মাসে হামলা ও মারধরের ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় আরও দুটি মামলা হয়েছে।

এছাড়াও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়ার ঘটনায় আরেকটি মামলা হয়।