২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ২ ট্রেন ‘মুখোমুখি’, তদন্তে কমিটি

মুলাডুলি রেলওয়ে স্টেশনের অদূরে ‘নীলসাগর এক্সপ্রেস’ এবং ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেন দুটি ‘মুখোমুখি’ চলে আসে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2025, 07:31 PM

Updated : 26 Aug 2026, 05:18 PM

পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি স্টেশনে দুটি ট্রেন ‘মুখোমুখি’ চলে আসায় যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। ঘটনাটি তদন্তে তিন সদস্যের কমিটি করেছে রেলওয়ে। 

শুক্রবার দুপুরে ঈশ্বরদী-ঢাকা রেলপথের মুলাডুলি রেলওয়ে স্টেশনের অদূরে চিলাহাটিগামী ‘নীলসাগর এক্সপ্রেস’ এবং ঢাকাগামী ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেন দুটি ‘মুখোমুখি’ চলে আসে।  

তবে পাকশী বিভাগীয় রেলওয়ে ট্রেন নিয়ন্ত্রণ কার্যালয় থেকে বলা হয়, এটা একই লাইনে দুটি ট্রেনের মুখোমুখির ঘটনা না। ট্রেন দুটি ‘থ্রু পাশ’ ট্রেন না। বেলা ১১টা ২০ মিনিটের দিকে ঢাকাগামী ‘চিলাহাটি এক্সপ্রেস’ মুলাডুলি রেল স্টেশন অতিক্রম করে ঢাকা অভিমুখে যাচ্ছিল। 

‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেন লুপ লাইনে এসে মুলাডুলি রেলস্টেশনে থাকার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় থেকে কিছুটা বিলম্বে ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনটি আসার কারণেই ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনটি ঢুকে পড়ে। পরে ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনটিকে লুপ লাইনে নিয়ে আসা হয়। এটা কোনো দুর্ঘটনা ঘটার বিষয় না। 

পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) হাসিনা খাতুন বলেন, “মুলাডুলি রেলস্টেশনে ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনের ক্রসিং হওয়ার কথা ছিল। নিয়ম অনুযায়ী ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনটি মুলাডুলি রেলস্টেশনে স্টপেজ থাকায় তাকে স্টেশন প্লাটফর্মে নেওয়ার কথা ছিল। সে অনুযায়ী মেইন লাইনের ‘চিলাহাটি এক্সপ্রেস’ প্লাটফর্মে না দাঁড়িয়ে একটু এগিয়ে যায়।” 

পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) লিয়াকত শরীফ খান বলেন, “ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। তবে প্রকৃত ঘটনাটি হল, একই লাইনে একটি ট্রেন এসে লুপ লাইনে ঢুকে যাবে, অন্যটি অতিক্রম করবে। কিন্তু লুপ লাইনের ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনটি সামান্য কিছু সময় বিলম্ব হওয়ার কারণে মনে হচ্ছিল যে দূর্ঘটনা ঘটবে, এমনটা না।” 

তিনি বলেন, “তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ট্রেন চালক সিগন্যাল অমান্য করেছিলেন কিনা তা তদন্ত কমিটি খতিয়ে দেখবে।”