২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সাতক্ষীরায় নিখোঁজ বৃদ্ধের মরদেহ ড্রেন থেকে উদ্ধার

অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে রাতে থানায় ডায়েরি করে পরিবার।

সাতক্ষীরায় নিখোঁজ বৃদ্ধের মরদেহ ড্রেন থেকে উদ্ধার
সাতক্ষীরা শহরের ব্যস্ততম সড়কে পিএন স্কুলের দক্ষিণ পাশের ড্রেনে মরদেহ পড়ে থাকার খবরে ভিড় করেন স্থানীয়রা।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2024, 12:46 PM

Updated : 10 Sep 2026, 12:20 PM

সাতক্ষীরা শহরের মুনজিতপুরে নিখোঁজের একদিন পর ড্রেন থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার সকালে সাতক্ষীরা শহরের ব্যস্ততম সড়কে পিএন স্কুলের দক্ষিণ পাশের ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান সাতক্ষীরা সদর থানার এসআই মাজরেহা হোসাইন। 

লাশ উদ্ধার হওয়া ৮৫ বছর বয়সী আবুল হোসেন গাজী মুনজিতপুর গ্রামের শাপলা আবাসিক এলাকার আব্দুল লতিফ গাজীর ছেলে। তিনি বালু ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

আবুল হোসেনের ছেলে ডেন্টিস্ট সহকারী আবুল কালাম বলেন, তার বাবা সোমবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর তার খবর পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে রাতে থানায় ডায়েরি করা হয়। 

এরপর সকালে স্কুলের দক্ষিণের ড্রেন থেকে মরদেহ উদ্ধার হওয়ার পর স্থানীয়রা চিনতে পেরে খবর দিলে তারা মরদেহ বাসায় নিয়ে আসেন বলে জানান তিনি। 

এস আই মাজরেহা হোসাইন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেছেন।  তিনি মরদেহের কাছেই আছেন। মরদেহের সুরতহাল, ময়নাতদন্ত ও অধিকতর তদন্তের পর তার মৃত্যুর কারণ জানা সম্ভব হবে।