১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কোটা: নিহত ক্যাডেট শিহাবকে ‘জাতীয় বীর’ বললেন বিএনসিসি মহাপরিচালক

৪ অগাস্ট সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় অগ্নিসংযোগ করে আন্দোলনকারীরা। সেই ঘটনায় ১৫ পুলিশ সদস্যসহ ১৮ জন মারা যান; যাদের মধ্যে সিহাব ছিলেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2024, 06:46 PM

Updated : 26 Aug 2026, 10:14 AM

সিরাজগঞ্জের এনায়েতপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে নিহত শিহাব আহমেদকে ‘জাতীয় বীর’ বলেছেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর-বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান।

মঙ্গলবার সকালে শিহাবের গ্রামের বাড়িতে গিয়ে তার স্বজনদের হাতে আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী তুলে দেওয়ার সময় তিনি এ কথা বলেন। শিহাব সিরাজগঞ্জ সরকারি কলেজের বিএনসিসির শিক্ষার্থী ছিল।

বিএনসিসির মহাপরিচালক মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষ চলাকালে ক্যাডেট শিহাব দেশের জন্য যে আত্মত্যাগ করে গেছেন, সেজন্য তিনি আমাদের মাঝে অনুপ্রেরণা হয়ে আজীবন বেঁচে থাকবেন। 

“আন্দোলনে যাদের প্রাণ গেছে, তারা ন্যায় ও সংগ্রামের প্রতীক এবং জাতীয় বীর। আমরা তাদের সব সময় স্মরণ করব। এ ছাড়া ক্যাডেট শিহাব যে স্বপ্নের জন্য জীবন দিয়ে গেছেন, তা বাস্তবায়নে আমরা কাজ করে যাব।”

৪ অগাস্ট এনায়েতপুর থানা ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। সেই ঘটনায় ১৫ পুলিশ সদস্য ও দুই শিক্ষার্থীসহ ১৮ জন মারা যান।

নিহতদের মধ্যে আজুগড়া মাদবপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে শিহাব আহমেদ (১৭) ছিল। 

ঘটনার নয় দিন পর শিহাবের গ্রামের বাড়িতে গিয়ে তার করব জিয়ারত করেন বিএনসিসির মহাপরিচালক মিজানুর রহমান। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত এনায়েতপুর থানা পরিদর্শন করেন।