২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘরের সিন্দুক থেকে বৃদ্ধার লাশ উদ্ধার, পুত্রবধূ আটক

স্থানীয়রা জানান, রাতে বউ-শাশুড়ির ঝগড়া হয়। পরদিন সন্ধ্যায় ঘরের সিন্দুক থেকে শাশুড়ির লাশ উদ্ধার হয়।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2024, 12:55 AM

Updated : 26 Aug 2026, 10:36 AM

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিজ ঘরের সিন্দুক থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের পুত্রবধূ ও তার মাকে আটক করেছে পুলিশ।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর এলাকার নয়াডাঙ্গী এলাকার প্রবাসী আব্দুল খালেকের বাড়ির সিন্দুক থেকে তার মায়ের লাশ উদ্ধার করা হয় বলে সিংগাইর থানার ওসি জাহিদুল ইসলাম জানান।

নিহত হায়াতুন নেছা ওই এলাকার মাহামুদ কাজীর স্ত্রী।  

স্থানীয়দের বরাতে ওসি বলেন, ওই গ্রামের প্রবাসী আব্দুল খালেকের মা ও বউ একইসঙ্গে বসবাস করতেন। মাঝে-মধ্যে বউ-শাশুড়ির ঝগড়া হত। শনিবার সন্ধ্যায় দুজনের মধ্যে ঝগড়া হয়। 

রোববার সকালে বৃদ্ধার পুত্রবধূ তার নানিবাড়ি চলে যান। 

এদিকে, বাড়িতে কোনো সারাশব্দ না পেয়ে স্বজনরা হায়াতুন নেছাকে খোঁজাখুঁজি করতে থাকেন। সন্ধ্যায় ওই গৃহবধূ তার মাকে নিয়ে শ্বশুরবাড়িতে হাজির হন। 

আত্মীয়-স্বজনদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শাশুড়িকে হত্যা করে লাশ সিন্দুকের ভেতর লুকিয়ে রাখার কথা স্বীকার করেন বলে দাবি পুলিশের। 

পরে এলাকাবাসীর খবরে পুলিশ সিন্দুকের ভেতর থেকে হায়াতুন নেছার লাশ উদ্ধার করে।  

সিংগাইর থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, “লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ছেলের বউ ও তার মাকে আটক করা হয়েছে। 

“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হায়াতুন নেছাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”