২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতুড়ি দিয়ে পিটিয়ে অধ্যক্ষকে পদত্যাগে বাধ্য করালেন শিক্ষার্থীরা

ইউএনও বলেন, ১ সেপ্টেম্বর শিক্ষার্থীরা আর আন্দোলন করবে না মর্মে লিখিত দেয়।

হাতুড়ি দিয়ে পিটিয়ে অধ্যক্ষকে পদত্যাগে বাধ্য করালেন শিক্ষার্থীরা
সালথা উপজেলার যদুন্দী নবকাম পল্লী কলেজের অধ্যক্ষের কাছ থেকে পদত্যাগপত্রে জোর করে স্বাক্ষর নিচ্ছেন শিক্ষার্থীরা।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2024, 06:53 PM

Updated : 26 Aug 2026, 10:25 AM

ফরিদপুরের সালথা উপজেলায় হাতুড়ি দিয়ে পিটিয়ে কলেজ অধ্যক্ষের কাছ থেকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে শিক্ষার্থীদের বিরুদ্ধে। 

বৃহস্পতিবার সকালে উপজেলার যদুন্দী নবকাম পল্লী কলেজে এ ঘটনা ঘটে বলে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিচুর রহমান বালী জানান। 

অধ্যক্ষ মো. ওবায়দুর রহমানকে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়া একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

নবকাম পল্লী কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষ ওবায়দুর রহমান কলেজে যোগদানের পর থেকে দুর্নীতি-অনিয়ম করে আসছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমর্থন না করে শিক্ষার্থীদের পুলিশ দিয়ে হয়রানি করেছেন। 

অধ্যক্ষের পদত্যাগ দাবিতে এর আগেও মানববন্ধন করেন শিক্ষার্থীরা। 

অধ্যক্ষ ওবায়দুর রহমান বলেন, “সকালে আমি আর আমার ছেলে কলেজে প্রবেশ করার সময় স্থানীয় কাইয়ুম মোল্যা ও কলেজ পরিচালনা পর্ষদের সদস্য কামরুল গাজীর সন্ত্রাসী বাহিনীর সদস্য অছাত্র লালন, মনির এবং কয়েকজন ছাত্র জোর করে আমাদের গাড়ি থেকে নামিয়ে একটি বাগানের ভেতর নিয়ে যায়। সেখানে নিয়ে তারা আমাদের বাপ-বেটাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। পরে কিছু অছাত্র আর কিছু ছাত্রদের দিয়ে জোর করে আমার কাছ থেকে পদত্যাগপত্রে স্বাক্ষর নেয়।”

অধ্যক্ষ বলেন, “আন্দোলনরতরা বেশিরভাগ অছাত্র। কামরুল গাজী ক্ষমতার দাপট দেখিয়ে কয়েকমাস আগে এক লাখ ৭০ হাজার টাকার একটি ভুয়া বিল জমা দেন আমার কাছে। আমি ওই বিলে স্বাক্ষর না করায় ক্ষিপ্ত হন তিনি। 

“এরপর থেকে কামরুল গাজী ও কাইয়ুম মোল্যা আমার পিছে লাগে। শেষ পর্যন্ত আমাকে পিটিয়ে জোর করে পদত্যাগপেত্র সই নিল। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত চাই এবং হামলাকারীদের বিচার দাবি করছি।”

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য কামরুল গাজী। তিনি বলেন, “আমি ফরিদপুর অফিসে আছি। আমি তো এসব বিষয় কিছুই জানি না। অধ্যক্ষ শুধু শুধু আমার নামে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে।” 

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিচুর রহমান বালী সাংবাদিকদের বলেন, “অধ্যক্ষ ওবায়দুর রহমানের পদত্যাগ দাবিতে ১ সেপ্টেম্বর শিক্ষার্থী একটি মানববন্ধন করে। খবর পেয়ে আমিসহ সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে যাই। তখন শিক্ষার্থীদের অভিযোগের বিষয় তেমন সত্যতা পাওয়া যায়নি। পরে ঘটনাটি আমরা মীমাংসা করে দেই। এ সময় শিক্ষার্থীরা আর আন্দোলন করবে না মর্মে লিখিত দেয়।

“কিন্তু হঠাৎ করে সন্ত্রাসী কায়দায় অধ্যক্ষকে মারধর ও তার কাছ থেকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর নেয়। এটা কোনোভাবেই কাম্য নয়। বর্তমান সরকারও এর বিরোধী।” 

ইউএনও বলেন, “তবে জানতে পেরেছি, স্থানীয় কামরুল গাজী ও কায়ুম মোল্যা নামে দুই ব্যক্তির ইন্ধনে শিক্ষার্থী ও কিছু দুষ্কৃতকারী এসব ঘটনা ঘটাচ্ছে। আমি খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ পাঠিয়েছি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”