Published : 18 Aug 2024, 02:49 PM
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় একটি কভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষের পর দুইজনের প্রাণ গেছে। আহত হয়ে হাসপাতালে গেছেন একজন।
বৃহস্পতিবার সকালে উপজেলার কদমতলী এলাকার টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ঘাটাইল থানার ওসি মো. আব্দুস ছালাম মিয়া জানান।
নিহতরা হলেন- ঘাটাইল উপজেলার কাশতলা গ্রামের আব্দুস ছালামের ছেলে জহুরুল ইসলাম জুয়েল (৪৮) ও গারট্ট গ্রামের মো. জাকির হোসেনর ছেলে মো. আলমগীর হোসেন বাদশা (৪৫)।
তাদের মধ্যে জুয়েল গোপালপুর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, “সকালে তিন বন্ধু মোটরসাইকেলে করে কদমতলী থেকে ঘাটাইল যাচ্ছিলেন। পথে একটি কভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
“এতে ঘটনাস্থলেই একজন মৃত্যু হয়। আরেকজন মারা যান কালিহাতী হাসপাতালে নেওয়ার পর।”
এ ঘটনায় আহত মো. মিলনকে প্রথমে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, আইনী প্রক্রিয়া শেষে নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।