নোয়াখালীতে সংরক্ষিত প্রজাতির দুটি কচ্ছপসহ আটক ১
প্রতি কেজি কচ্ছপ এক হাজার থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি করা হয়।
নোয়াখালী সদরে কড়ি কাইট্টা প্রজাতির দুটি কচ্ছপসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শনিবার সকালে মাইজদী স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন নোয়াখালীর বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহিম খলিল।
আটক ব্যক্তির নাম বিকাশ কুমার বড়ুয়া (৬০)।
ইব্রাহিম খলিল বলেন, মাইজদী স্টেশন এলাকায় একটি চক্র বিভিন্ন স্থান থেকে শিকার করে প্রতি কেজি কচ্ছপ এক হাজার থেকে ১ হাজার ২০০ টাকা করে বিক্রি করে আসছে- এমন গোপন তথ্য পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় মাইজদী স্টেশনের পাশের একটি পরিত্যক্ত ঘরে তল্লাশি চালিয়ে সংরক্ষিত প্রজাতির দুটি কড়ি কাইট্টা কচ্ছপ উদ্ধার এবং কচ্ছপ শিকারের তিনটি রাকশা/টেঁটা, দুটি ড্রাম জব্দ করা হয়।
এ ঘটনায় জড়িত থাকায় কচ্ছপ শিকারী ও ব্যবসায়ী বিকাশকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিকাশ জানান, তিনিসহ আরও কয়েকজন কচ্ছপ চোরাচালানকারীর অধীনে কাজ করেন এবং শিকার করার পর প্রতি কেজি কচ্ছপ এক হাজার থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি করা হয়।
রাতের আঁধারে ট্রাক ও বাসের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে কচ্ছপ পাচার করা হয় বলেও জানান তিনি।
বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহিম খলিল ও উপকূলীয় বন বিভাগ এবং সদর রেঞ্জ অফিসার কামরুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন, অ্যানিমেল রাইটস বিডি-৬৪ নামের একটি সংগঠন।
ইব্রাহিম খলিল আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে আর জড়াবে না মর্মে অঙ্গীকার করে এবং সংশ্লিষ্ট অন্যদেরও এই পেশা ত্যাগ করতে সতর্ক করবেন বলে মুচলেকা দিলে বিকাশকে ছেড়ে দেওয়া হয়।
