বরিশালে রাস্তা পারাপারের সময় অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু
এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধের পাশাপাশি সড়কে গতিরোধক নির্মাণের দাবি জানান বিএম কলেজের শিক্ষার্থীরা
বরিশাল নগরীতে দোকান থেকে চিপস কিনে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার নিচে চাপা পড়ে এক শিশু নিহত হয়েছে।
এ ঘটনার পর বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে শিশু হত্যার বিচারসহ সড়কে গতিরোধক নির্মাণের দাবি জানান।
বুধবার দুপুরে নগরীর বিএম কলেজের সামনে এ ঘটনা ঘটে বলে জানান বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান।
নিহত জান্নাতুল মাওয়া (১০) পটুয়াখালী শহরের ফৌজদারী পোল এলাকার বাসিন্দা মো. নিজামউদ্দিনের মেয়ে। সে পটুয়াখালী শহরের একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
মহানগর পুলিশের বগুড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শফিকুল ইসলাম বলেন, বিএম কলেজের সামনে স্বজনের বাসায় বেড়াতে এসেছিল জান্নাতুল মাওয়া। দুপুরে সে রাস্তার পাশের দোকান থেকে চিপস কিনে পার হচ্ছিল। এ সময় একটি অটোরিকশা এসে পড়ে। শিশুকে রক্ষায় অটোরিকশাটি ব্রেক করে উল্টে গেলে নিচে চাপা পড়ে মাওয়া।
আশপাশের শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, পরিবারের কোনো অভিযোগ নেই। তাই ময়নাতদন্ত ছাড়া লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে এ ঘটনার পর বিএম কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তাদের সঙ্গে যোগ দেন এলাকাবাসী ও শিক্ষকরা।
বিএম কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শাহাবুদ্দিন বলেন, বেপরোয়া গতির হলুদ অটোরিকশা চালকের কারণে শিশুটি মারা গেছে। ২৪ ঘণ্টার মধ্যে চালককে আইনের আওতায় আনা, ক্যাম্পাসের সামনের ফুটপাত দখলমুক্ত করা, ক্লাস চলাকালীন বিকল্প রাস্তার ব্যবস্থা করা, নথুল্লাবাদ থেকে নতুনবাজার পর্যন্ত সড়কে যানবাহনের গতিসীমা নির্ধারণ এবং নির্দিষ্ট দূরত্ব পরপর গতিরোধক ও ডিভাইডারের নির্মাণের দাবি জানান তিনি।
সেইসঙ্গে কলেজের সামনের ফুটপাত ও সড়ক দখল করে দোকান বসানো বন্ধ করারও দাবি জানান শাহাবুদ্দিন।
পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কলেজের সামনের ফুটপাত ও সড়ক দখল করে বসানো দোকান উচ্ছেদ করাসহ দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে এক ঘণ্টা পর অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।
