১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লক্ষ্মীপুরে জমির বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

“তারা পরিকল্পিতভাবে বাবার ওপর হামলা চালিয়েছে। তাকে পিটিয়ে হত্যা করেছে।”

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2025, 04:30 PM

Updated : 26 Aug 2026, 05:14 PM

লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। 

এ ঘটনায় নিহতের স্বজনরা জড়িতদের দুইটি বসতঘরে ভাঙচুর ও মালামালে অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ উঠেছে।  

মঙ্গলবার সকালে রামগঞ্জ পৌরসভার বাঁশঘর এলাকার আহম্মদ আলী হাজী বাড়িতে এ ঘটনা ঘটে। এর আগে সোমবার রাত ১০টার দিকে ওই বৃদ্ধকে হত্যা করা হয় বলে রামগঞ্জ থানার ওসি আব্দুল বারী জানান। 

নিহত ৭২ বছর বয়সী হাসমত উল্যা ওই বাড়ির বাসিন্দা। 

আর এ ঘটনায় অভিযোগের মুখে থাকা তোফায়েল ও মোহন একই বাড়ির আমানত উল্যার ছেলে। 

নিহতের পরিবার ও স্থানীয় লোকজন বলছে, ঘটনার সময় ভাড়া করা লোকজন নিয়ে তোফায়েল ও মোহন তার চাচা হাসমতের ওপর হামলা করে। এ সময় তাকে লঠিসোঁটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। 

আহত অবস্থায় হাসমতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এদিকে হত্যার ঘটনায় ক্ষিপ্ত হয়ে তোফায়েল ও মোহনের বসতঘর ভাঙচুর করে। এ সময় ঘরের মালামাল বের করে আগুন দেয় নিহতের পরিবারের লোকজন। এতে বেশ কিছু মালামাল পুড়ে গেছে। 

নিহতের ছেলে মো. মাসুদ বলেন, “একাধিকবার জমি নিয়ে বিরোধ মীমাংসার চেষ্টা করা হলেও তোফায়েল ও মোহন মানেননি। 

“তারা পরিকল্পিতভাবে বাবার ওপর হামলা চালিয়েছে। তাকে পিটিয়ে হত্যা করেছে।” 

ঘটনার পর থেকে তোফায়েল ও মোহন আত্মগোপনে রয়েছে। তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

ওসি আব্দুল বারী বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি; প্রক্রিয়া চলছে। 

তবে বসতঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা তার জানা নেই বলে দাবি করেছেন এ পুলিশ কর্মকর্তা।