হবিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু
বানিয়াচং ও নবীগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে।
হবিগঞ্জে ধান কাটার সময় আলাদা স্থানে বজ্রপাতে দুই কৃষকের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও একজন।
সোমবার দুপুরে বানিয়াচং ও নবীগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট থানার পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- নবীগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের ছাবর উল্লার ছেলে মকসুদ মিয়া (৩৫) এবং বানিয়াচং উপজেলার জাতুকর্ণ পাড়ার আব্দুল গফুরের ছেলে আব্দুল সালাম (৬০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, মকসুদ আলী গড়দার হাওরে নিজ জমিতে ধান কাটছিলেন। দুপুরে হঠাৎ বজ্রপাতে তিনি আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
একই সময় বানিয়াচং উপজেলার জাতুকর্ণপাড়া এলাকার হাওরে ধান কাটা শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান আব্দুল সালাম।
এ সময় বজ্রপাতে একই উপজেলার গড়পাড় গ্রামের সামরুজ মিয়া (৫০) নামের আরেক কৃষক আহত হন। তিনি বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন বলেন, নিহত মকছুদ আলীর পরিবার দরিদ্র। তার পরিবারের জন্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।
