ক্ষেতে চুলা বসিয়ে কাঠ পুড়িয়ে কয়লা, পরিবেশের সর্বনাশ
চুলাগুলোর মালিকদের দাবি, এভাবে গাছ পুড়িয়ে কয়লা তৈরিতে পরিবেশের কোনো ক্ষতিকর দিক নেই।
ইট দিয়ে বিশেষভাবে নির্মিত বিশাল চুলায় গাছপালা পুড়িয়ে তৈরি করা হচ্ছে কয়লা; যা বাণিজ্যিকভাবে বিক্রি হয়। এই চুলার ধোঁয়া আর ছাইয়ের কারণে বাড়ছে পরিবেশ দূষণ, ক্ষতিগ্রস্ত হচ্ছে জীববৈচিত্র্য, গাছপালা ও আবাদি জমির ফসল।
পরিবেশ অধিদপ্তর, উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধি সবাই বলছেন, এসব চুলা ও কয়লার কারবার সম্পর্কে তারা কিছুই জানেন না।
জানার পর এসব কর্মকাণ্ড বন্ধে উদ্যোগী হওয়ার কথা জানান সবাই।
তবে বন বিভাগের স্থানীয় কার্যালয়ের এক কর্মকর্তার দাবি, চুলায় গাছপালা পোড়ানো বন্ধে তাদের হাতে কোনো আইন নেই। তাই ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।
সরেজমিনে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়নের শ্যামনাই গ্রামে গিয়ে দেখা যায়, বিশাল গোলাকার ১২টি চুলা স্থাপন করা হয়েছে ফসলি জমির মাঝখানে। এ ছাড়া উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্চা গ্রামে গাছপালায় বেষ্টিত একটি স্থানে রয়েছে একই ধরনের সাতটি চুলা।
যৌথ মালিকানায় ভাড়া নেওয়া জায়গায় এসব চুলার মাধ্যমে গাছপালা পুড়িয়ে তৈরি করা হচ্ছে কয়লা। দীর্ঘদিন ধরে প্রকাশ্যেই চলছে অবৈধভাবে কয়লা উৎপাদন।
শ্যামনাই গ্রামের চুলায় কর্মরত শ্রমিক আব্দুল হান্নান ও আকবর আলী জানান, ইট ও মাটি দিয়ে তৈরি এসব চুলার ভেতরে ১৮০ থেকে ২০০ মণ কাঠখড়ি সাজিয়ে দিয়ে আগুন দিতে হয়। এরপর চুলার চারপাশ বন্ধ করে উপরিভাগে কিছু ছিদ্র রাখা হয় ধোঁয়া বের হওয়ার জন্য। এ প্রক্রিয়ায় কাঠ পুড়িয়ে কয়লা বের হতে টানা ১২ দিন সময় লাগে।
তারা জানান, এভাবে তৈরি কয়লা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। সাধারণত টিন তৈরির ফ্যাক্টরি, নান রুটি তৈরির দোকান, কামারশালা এবং স্বর্ণের গহনা তৈরির কারিগর এসব কয়লার প্রধান ক্রেতা।
ঘুড়কা এলাকায় এক বছর ও শ্যামনাই গ্রামে এক মাস ধরে এ কার্যক্রম চলছে বলে জানান ওই দুই শ্রমিক।
পাঙ্গাসী ইউনিয়নের কয়াবিল গ্রামের আবুল হোসেন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকার জনগণকে গাছ লাগানোর পরামর্শ দিচ্ছে। অথচ এরা আশপাশের গ্রামগুলো থেকে গাছ কেটে এনে পুড়িয়ে কয়লা তৈরি করছে। এতে ক্রমশ গাছপালার সংখ্যা কমে যাচ্ছে। পাশাপাশি এসব চুলার ধোঁয়ার কারণে এলাকার ক্ষেতের ফসল ও বৃক্ষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ বিষয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা কমিটির সদস্য কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে সারা পৃথিবী বর্তমানে আতঙ্কগ্রস্ত। গাছপালা কেটে পোড়ানো এবং তার থেকে সৃষ্ট ধোঁয়া অবশ্যই মানবদেহ ও পরিবেশের জন্য ক্ষতিকর। এই ধোঁয়ার ক্ষতি অল্প সময়ে বোঝা না গেলেও এটি দীর্ঘমেয়াদি ক্ষতির বড় কারণ।”
দ্রুত সময়ের মধ্যে এসব অবৈধ চুলা বন্ধে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
এ বিষয়ে পাঙ্গাসী ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলাম নান্নু বলেন, “বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
ঘুড়কা ইউপির চেয়ারম্যান জিল্লুর রহমান বলেন, “কয়লার কারবার সম্পর্কে আমার জানা নেই। তবে গাছপালা পোড়ানো অপরাধ। চুলা বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
একই কথা বললেন সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল গফুর।
তিনি বলেন, “এসব চুলা স্থাপনে পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমতি নেওয়া হয়নি। আপনার মাধ্যমে আমরা বিষয়টি জানলাম। দ্রুত ওই এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
তবে গাছ পোড়ানোর বিষয়টি বনবিভাগ দেখবে বলে তিনি জানান।
রায়গঞ্জ সামাজিক বনায়ন, নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান শহিদুজ্জামানের ভাষ্য, “চুলায় কাঠ পুড়িয়ে বাণিজ্যিকভাবে কয়লা তৈরি করা হলেও তা বন্ধে বন বিভাগের হাতে কোনো আইন নেই।”
“আমরা শুধু ভাটায় গাছ পোড়ালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি।”
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মণ্ডল বুধবার বলেন, “বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দ্রুত সময়ের মধ্যে সেখানে অভিযান চালানো হবে।”
চুলাগুলোর যৌথ মালিক সিরাজগঞ্জ শহরের ধানবান্দি মহল্লার পল্টু চৌধুরী এবং রায়গঞ্জের শ্যামনাই এলাকার আব্দুল আলিম জানান, বর্তমানে ইটের ভাটাগুলোতে কাঠ-খড়ির চাহিদা বেশি; তাই কাঠের সংকট চলছে। ফলে কয়লা তৈরির চুলাগুলো কিছুদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
তাদের দাবি, এভাবে চুলায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরিতে পরিবেশের কোনো ক্ষতিকর দিক নেই।
