২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে শিশুদের ঝগড়া নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

এ ঘটনায় সদর থানার ওসিসহ তিন পুলিশ সদস্যও আহত হয়েছেন।

হবিগঞ্জে শিশুদের ঝগড়া নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
ছবি ভিডিও থেকে নেওয়া।

হবিগঞ্জ ও সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2026, 09:00 PM

Updated : 11 Sep 2026, 03:18 PM

হবিগঞ্জ সদর উপজেলায় দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে দুইদল গ্রামবাসীর মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার শরীফপুর ও সুলতানশী গ্রামের এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদ হোসেন।

আহতদের মধ্যে দুলাল (৩০), মকসুদ আলী (৫৫), ইমরান মিয়া (২২), কিসমত আলী (৪২), রিপন মিয়া (৩৮), ফয়েজ মিয়া (২৫), আমির আলী (৪৫), সাব্বির মিয়া (১৮), রোকন মিয়া (২২), জাহির মিয়া (২৫), মোয়াজ (৪৫) সহ অন্তত ২০ জনকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

এ ছাড়া ওসি জাহিদ হোসেন, এএসআই কামাল হোসেন ও সোহেল রহমান আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সুলতানশী গ্রামের ফারুক মিয়ার ছেলের সঙ্গে শরীফপুর গ্রামের ফারুক মিয়ার মেয়ের ঝগড়া হয়। এ নিয়ে তাদের অভিভাবকদের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা হয়। 

পরে দুই গ্রামবাসী দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয়। এতে পুলিশসহ দুই পক্ষের অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হন।

শরীফপুর গ্রামের ফারুক মিয়া বলেন, “আমার মেয়েকে ফারুকের ছেলে মারধর করে। এ নিয়ে জিজ্ঞেস করতে গেলে তারা আমার উপর হামলা চালায়।”

প্রথমে হামলার অভিযোগ অস্বীকার করে সুলতানশী গ্রামের ফারুক মিয়া বলেন, “ফারুক আমার ছেলেকে মারধর করেছে। এ নিয়ে তাকে জিজ্ঞেস করতে গেলে আমাকে অকথ্য ভাষায় গালি গালাজ করা হয়।” 

ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করার কথা বলেছেন ওসি জাহিদ হোসেন।