২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

এ নিয়ে জেলায় মোট পাঁচ শিশুর মৃত্যু হল।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2026, 10:15 PM

Updated : 26 Aug 2026, 03:18 PM

কুষ্টিয়া জেলায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট পাঁচ শিশুর মৃত্যু হল।    

জেলা সিভিল সার্জন শেখ মোহাম্মদ কামাল বলেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল এবং ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার রাত সাড়ে ১১টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আইজা নামে সাড়ে পাঁচ মাস বয়সী এক কন্যাশিশু এবং জেনারেল হাসপাতালে রাত সাড়ে ৯টায় ইব্রাহিম নামের আট মাস বয়সী এক ছেলেশিশুর মৃত্যু হয়েছে।

আইজা শহরের রেনউইক মোড়ের বাসিন্দা মোমিনুর রহমানে কন্যা এবং ইব্রাহিম দৌলতপুর উপজেলার চঞ্চল হোসেনে ছেলে। 

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক এস এম আনোয়ারুল ইসলাম বলেন,   ৩০ মার্চ ঠাণ্ডা জ্বর ও সর্দি-কাশি নিয়ে ভর্তি হয়েছিল আইজা। তার নিউমোনিয়ার জটিলতা ছিল। 

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, শুক্রবার হামের উপসর্গ নিয়ে দৌলতপুর থেকে এসে ভর্তি হয়েছিল ইব্রাহিম। হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

সিভিল সার্জন শেখ মোহাম্মদ কামাল বলেন, ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছে ২৩ জন। দুটি হাসপাতাল ও ছয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন ভর্তি আছে ৩২৪ জন। এর মধ্যে পরীক্ষায় ১৯ জনের হাম সংক্রমণ শনাক্ত হয়েছে। আর হাসপাতাল থেকে সব মিলিয়ে ছাড়া পেয়েছে ৯০ রোগী।