কোটা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২ ঘণ্টা ধরে শিক্ষার্থীদের অবরোধ
“শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধের কারণে মহাসড়কের উভয়মুখী লেনে অন্তত ১০ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।”
কোটা সংস্কার ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ২ ঘণ্টা অবরোধ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে জমায়েত হয়। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে বিকেল ৩টা ৪২ মিনিটে মহাসড়ক অবরোধ করেন তারা।
এই অবরোধ শেষ হয় বিকেল ৫টা ৪০ মিনিটে। দীর্ঘ সময় ধরে মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধের কারণে ঢাকা ও চট্টগ্রামমুখী লেনে অন্তত ১০ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন বিভিন্ন পরিবহনের চালক ও যাত্রীরা।
সরেজমিনে দেখা যায়, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সারাদেশে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার নিন্দা ও বিচারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মহাসড়কে বিক্ষোভ মিছিলে অংশ নেন কুমিল্লা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, সিসিএন শিক্ষা পরিবারের শিক্ষার্থীসহ জেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
আন্দোলনকারী শিক্ষার্থী শাহাদাত হোসেন বলেন, “শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করলে পুলিশ নগরীর চমছম ব্রিজ অভিমুখ থেকে রাবার বুলেট ও ফাঁকা গুলি ছোড়ে। এতে কুমিল্লা জিলা স্কুলের এক শিক্ষার্থী আহত হয়। তখন উত্তেজিত অবরোধকারীদের কয়েকজন শহরের অভিমুখে দাঁড়িয়ে থাকা একটি পুলিশের গাড়ি ও মোটরসাইকেলে ভাঙচুর করে।
এদিন দুপুর থেকেই বিশ্ববিদ্যালয় গেটের সামনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাঁচটি হল থেকে মিছিল নিয়ে আসলে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের সঙ্গে স্লোগান দিতে দিতে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে যান।
সেখানে হলের গেটে তালা দেখে শিক্ষার্থীরা তালা ভাঙার চেষ্টা করে। পরবর্তীতে হল প্রভোস্ট তাদের সঙ্গে কথা বললে, আন্দোলনকারীরা হল গেট খুলে দিলে চলে যাবেন বলে জানান। তখন গেট খুলে দিলে আন্দোলনকারীরা মিছিল নিয়ে আবার ক্যাম্পাস গেটে যান।
ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের বাদে অন্য শিক্ষার্থীরা প্রবেশের সময় প্রক্টরিয়াল বডির সঙ্গে বাদানুবাদ হয় এবং ধাক্কাধাক্কি হয়। এরপর সেখান থেকে সাড়ে তিন কিলোমিটার পথ পায়ে হেঁটে মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল চলাকালে রাস্তার পাশের বাড়ি, দোকান থেকে শিক্ষার্থীদের বিনামূল্যে পানি সরবরাহ করা হয়।
মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন এবং বলেন, “বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশি ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে আমরা এই বিক্ষোভ কর্মসূচি পালন করছি। আমরা এসব হামলার বিচার চাই।”
এ বিষয়ে হাইওয়ে পুলিশের ময়নামতি ক্রসিং থানার ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, “শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধের কারণে মহাসড়কের উভমুখী লেনে অন্তত ১০ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা অবরোধ তুলে নেওয়ায় এখন যানবাহন চলাচল করছে। তবে দীর্ঘক্ষণ যানবাহন আটকে থাকায় চলাচলের ধীরগতি রয়েছে।”
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, “শিক্ষার্থীরা যতক্ষণ ক্যাম্পাসে ছিল ততক্ষণ আমরা কন্ট্রোল করতে পেরেছি। অনেক বহিরাগত ঢুকেছিল ক্যাম্পাসে। আমরা প্রক্টরিয়াল বডি বাধা দেওয়ার চেষ্টা করেছি। তখন তাদের সঙ্গে ধাক্কাধাক্কি হয় আমাদের।
“এখন তারা মহাসড়কের দিকে যাচ্ছে। আমি পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য। শিক্ষার্থীদের কাছে অনুরোধ কোনো নাশকতামূলক কাজ যেন তারা না করে।”
কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান বলেন, “যেহেতু আন্দোলনকারীরা সবাই শিক্ষার্থী আমরা তাদের প্রতি সহনশীল আচরণ করেছি। তারপরও গাড়ি ভাঙচুরের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমরা নির্দেশনা পেলে আইনি ব্যবস্থা নেব।”
