২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

দুপুরে দেড়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2024, 08:15 PM

Updated : 10 Sep 2026, 12:08 PM

গাজীপুরের বকেয়া পাওনা পরিশোধ ও কারখানা চালুর দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকরা। পরে তারা মহাসড়ক অবরোধ করেন।

শনিবার সকাল থেকে গাজীপুর মহানগরের গাছা থানার বড়বাড়ী এলাকায় ন্যাশনাল কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের শ্রমিকরা এ বিক্ষোভ করেছেন।

আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গাজীপুর মহানগরের গাছা থানার বড়বাড়ী এলাকায় ন্যাশনাল কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং কোম্পানির শ্রমিকদের চলতি বছরের এপ্রিল ও মে মাসের বেতন বকেয়া রয়েছে।

এছাড়া গত বছরের বাৎসরিক ছুটির টাকা ও ২ মাস ১৯ দিনের বেতন, ঈদ বোনাস ও লে-অফ প্রত্যাহারের দাবিতে শনিবার সকাল থেকেই কারখানার গেটের সামনে অবস্থান নিয়ে বেলা ১১টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বিক্ষোভ করতে থাকেন।

বিক্ষোভ মিছিল শেষে শ্রমিকরা পুনরায় কারখানার গেইটের সামনে অবস্থান নেন।

পরে তারা দুপুরে দেড়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। এতে প্রায় ২০ মিনিট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হলে ঈদ যাত্রায় ঘরমুখো মানুষ ভোগান্তিতে পড়ে।  

শ্রমিক অসন্তোষের বিষয়ে কারখানাটির মালিক এমএনএইচ বুলুর ব্যক্তিগত ফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করলেও তা বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

​​​​​​​

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের গাছা থানার ওসি জিয়াউল ইসলাম বলেন, “বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে ১০ মিনিটের মত যানচলাচল বন্ধ থাকে। পরে তাদের বুঝিয়ে সরিয়ে নেওয়া হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। মহাসড়কে যান চলাচলও স্বাভাবিক আছে।

শ্রমিকদের দাবির বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে।