Published : 02 Jul 2026, 12:11 PM
ময়মনসিংহ নগরীতে এইচএসসি পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে ছয়তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৬টার দিকে নগরীর কাচিঝুলী মসজিদ রোড এলাকার ‘নাসা টাওয়ার’ নামের একটি ভবনে এ ঘটনা ঘটে বলে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আশরাফুল করিম জানান।
নিহত ১৮ বছর বয়সী তিশা সরকার ময়মনসিংহের তারাকান্দা মধ্য বাজার এলাকার উত্তম সরকার ও মনি সরকারের মেয়ে। নগরীর মিন্টু কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার।
পুলিশ ও স্থানীয়রা বলছে, তিশা পড়াশোনার সুবাদে গত দুবছর ধরে ‘নাসা টাওয়ার’ ভবনের একটি ছাত্রী মেসে থাকত। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তবে পরীক্ষা শুরুর মাত্র চার ঘণ্টা আগে, সকাল ৬টার দিকে তিশা ওই ছয়তলা ভবনের ছাদে উঠে নিচে লাফ দেয়।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সকালের দিকে মেসের অন্য সদস্যরা ঘুমিয়ে থাকায় ঘটনার ওই মুহূর্তে ঠিক কী ঘটেছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে তারা কিছুই জানাতে পারেনি।
খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেয়েটি বহুতল ভবনের ছয় তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে।
“পরীক্ষা সংক্রান্ত কোনো মানসিক চাপ নাকি অন্য কোনো কারণে এই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।