রান্নাঘরের পাশে মাছি ওড়ার সূত্র ধরে মিলল নিখোঁজ যুবকের লাশ, স্ত্রী হেফাজতে
চরমালিয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান মুলাদী থানার ওসি সোহেল রানা।
বরিশালের মুলাদী উপজেলায় তিন দিন নিখোঁজ থাকার পর এক যুবকের লাশ মাটিচাপা দেওয়া অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
সোমবার সকালে উপজেলার চরমালিয়া গ্রামের ঘরের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান মুলাদী থানার ওসি কে এম সোহেল রানা।
নিহত মো. হারুন হাওলাদার (৪২) চরমালিয়া গ্রামের বাসিন্দা।
নিহতের ছেলে এইচ এম জাফর হাওলাদার বলেন, ২৭ জুন তার বাবা নিখোঁজ হন। পরে তিনি বাড়িতে এলে তার মা সেলিনা বেগম জানান, ওই দিন রাত ১টার দিকে অজ্ঞাত তিন ব্যক্তি বাড়িতে এসে তাদের ঘুম থেকে ডেকে তোলেন। তারা ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তার বাবাকে গামছা দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হয় বলে তিনি দাবি করেন।
এরপর থেকে তার বাবা নিখোঁজ ছিলেন। পরে পরিবারের পক্ষ থেকে থানায় অপহরণের অভিযোগ দেওয়া হয়।
তিনি বলেন, সোমবার সকালে রান্নাঘরের পাশে মাছি ওড়তে দেখে সন্দেহ হয়। পরে সেখানে খোঁজাখুঁজি করে মাটিচাপা দেওয়া অবস্থায় একটি হাত দেখা যায়। এরপর পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে মরদেহ উদ্ধার করে।
জাফর হাওলাদার বলেন, নিখোঁজের পর থেকেই পুলিশ তার মাকে সন্দেহ করছিল। লাশের ওপর বস্তা, ছাই এবং ইলিশ মাছ ধরার জাল দিয়ে ঢেকে রাখা হয়েছিল, যাতে কেউ সন্দেহ না করে।
মুলাদী থানার ওসি সোহেল রানা বলেন, কীভাবে হত্যা করা হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
