Published : 18 Aug 2024, 03:32 PM
দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে খাগড়াছড়ির তিন উপজেলায় ১০২টি ভোটকেন্দ্রের মধ্যে ৪১টি কেন্দ্রে ভোটের সরঞ্জাম ও ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে ৮১টি কেন্দ্র।
সোমবার সকালে খাগড়াছড়ির রির্টানিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মো. জোনায়েদ কবীর সোহাগ তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান।
তিনি বলেন, “সহকারী রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে জেলা সদর, পানছড়ি ও দীঘিনালা উপজেলার ৪১টি ভোটকেন্দ্রে ভোটের সরঞ্জাম ও ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়েছে।
“এর মধ্যে অতি দুর্গম হওয়ার কারণে দীঘিনালার নাড়াইছড়িতে সরঞ্জাম পাঠানো হয়েছে হেলিকপ্টারে। নিকটবর্তী বাকি ৬১টি ভোটকেন্দ্রে ব্যালট যাবে ভোটের দিন সকালে।”
দ্বিতীয় ধাপে খাগড়াছড়ি সদর, পানছড়ি ও দীঘিনালা উপজেলায় নির্বাচনে চেয়ারম্যান পদে ১০ জন, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ তিন উপজেলায় মোট ভোটার ২ লাখ ৩৯ হাজার ৬১ জন।
রির্টানিং কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ বলেন, “নির্বাচনে ২ হাজার ৮০৫ জন পুলিশ ও আনসার সদস্য, বিজিবির ২১ প্লাটুন সদস্য এবং প্রতিটি ইউনিয়নে একজন ম্যাজিস্ট্রেট ও প্রতি উপজেলায় তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেন্দ্রে নিয়োজিত থাকবেন।
তিন উপজেলার ১০২টি কেন্দ্রের মধ্যে ৮১টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, “সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে ।”
এদিকের নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ ও আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দ্যেশে ব্রিফিং করেছে জেলার পুলিশ মুক্তা ধর।
তিনি বলেন, “নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করার জন্য কাজ করছে পুলিশ।”