২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাকসু: মন্নুজান হলের ভিপি সুমাইয়া, জিএস তন্বী

এ ছাড়া সহসাধারণ সম্পাদক (এজিএস) নির্বাচিত হয়েছেন সাবিনা ইয়াসমিন; তার প্রাপ্ত ভোট ১ হাজার ৫টি।

বিডিনিউজ২৪

পাভেল রহমান. আরিফুজ্জামান কোরবান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2025, 11:44 PM

Updated : 26 Aug 2026, 02:29 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হল সংসদের নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার দিনভর ভোট শেষে রাত সাড়ে ১০টায় এই ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম। 

এর মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধিদের ফল ঘোষণা শুরু হল।

কমিশন জানিয়েছে, মন্নুজান হলের মোট ভোটার দুই হাজার ৩৭৮টি; ভোট পড়েছে এক হাজার ৫৯৮টি।

ঘোষিত ফলাফল অনুযায়ী, এই হল সংসদের সহসভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন সুমাইয়া জাহান; তিনি ভোট পেয়েছেন এক হাজার ৫৫টি। 

সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী হয়েছেন তাসমেরী জাহান তন্বী; তিনি ভোট পেয়েছেন ৯১২টি।

এ ছাড়া সহসাধারণ সম্পাদক (এজিএস) নির্বাচিত হয়েছেন সাবিনা ইয়াসমিন; তার প্রাপ্ত ভোট ১ হাজার ৫টি।

রাকসুর ফল

মন্নুজান হলে রাকসুতে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ৯৭২ ভোট পেয়ে এগিয়ে আছেন।

রাকসুতে ভিপি পদে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের শেখ নূর উদ্দীন আবির পেয়েছেন ২৩৬টি ভোট এবং ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ প্যানেলের তাসিন খান ভোট পেয়েছেন ১৭৩টি ভোট।

এ ছাড়া রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাউদ্দিন আম্মার ৮৪১ ভোট, ইসলামী ছাত্রশিবির প্যানেল থেকে ফাহিম রেজা ৪৯৫ ভোট, ছাত্রদল প্যানেল থেকে নাফিউল ইসলাম জীবন ৮৯টি ভোট পেয়েছেন।

সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্রশিবির প্যানেলের সালমান সাব্বির ৫৫৩ ভোট এবং  ছাত্রদল প্যানেল থেকে জাহিন বিশ্বাস এষা ৩৭৮ ভোট পেয়েছেন।

ফলাফল ঘোষণার সময় সেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকীব, উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন, অধ্যাপক ফরিদ খান এবং রাকসু কোষধক্ষ্য অধ্যাপক সেতাউর রহমান উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হয়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও বড় ধরনের অনিয়ম-গোলযোগ ছাড়াই টানা ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নয়টি ভবনে ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। প্রায় ২৯ হাজার শিক্ষার্থী সাড়ে তিন দশক পর তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

বিকাল ৪টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শেষ হয়। কিন্তু ড. মুহম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবন কেন্দ্রে ৪টার পরও লাইনে অন্তত ৫০ জনকে দাঁড়িয়ে ছিলেন। তাদের সবার ভোটগ্রহণ করা হয়েছে।

বিকাল সাড়ে ৫টার দিকে সব কেন্দ্র থেকে ব্যালট পেপার ও বাক্স কঠোর নিরাপত্তার মধ্যে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানেই রাত ৮টা ৩৫ মিনিটের দিকে ভোট গণনা শুরু হয়।

ফলাফল ঘোষণা প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ বলেন, ভোট গণনার ক্ষেত্রে প্রথম ধাপে ব্যালট বাক্স খুলে আলাদা রঙয়ের (হল, রাকসু ও সিনেট) ব্যালটগুলোকে ১০০টি করে বান্ডেল করা হবে। দ্বিতীয় ধাপে ব্যালট মেশিনে দেওয়া হবে এবং তৃতীয় ধাপে ৪৩ সদস্যের একটি বিশেষজ্ঞ দল পুনরায় প্রাপ্ত ফল যাচাই করবেন। এরপর ফল ঘোষণা করা হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোট ১৭টি হল আছে। 

আরও পড়ুন:

রাকসু ভোট: ক্যাম্পাসের বাইরে খণ্ড খণ্ড জমায়েত, থমথমে পরিবেশ

রাকসু: ছাত্রী হল দিয়ে ভোট গণনা শুরু, ফলের অপেক্ষা