রাকসু ভোট: ক্যাম্পাসের বাইরে খণ্ড খণ্ড জমায়েত, থমথমে পরিবেশ
“ক্যাম্পাসের বাইরে জমায়েতের ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলা আছে,” বলেন প্রক্টর।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে ঘিরে সন্ধ্যার পর ক্যাম্পাস সংলগ্ন এলাকায় খণ্ড খণ্ডভাবে বিপুল সংখ্যক লোকজন জড়ো হয়েছেন। অপরিচিত এসব লোকজনের জমায়েতে সেখানে থমথমে পরিবেশ তৈরি হওয়ার কথা বলেছেন স্থানীয়রা।
ভোট শেষে বৃহস্পতিবার সন্ধ্যার পর ক্যাম্পাস সংলগ্ন কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় এমন জমায়েত দেখা গেছে।
স্থানীয় কয়েকজন বলেন, জড়ো হওয়া এসব ব্যক্তিদের প্রায় সবাই স্থানীয় জামায়াতে ইসলামী ও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। দুই গ্রুপ ভিন্ন ভিন্ন জায়গায় অবস্থান নিয়ে আছে।
কয়েকটি স্থানে গিয়ে দেখা যায়, ক্যাম্পাস লাগোয়া এসব সড়কে ও গলিতে জটলা পাকিয়ে বিপুল সংখ্যক লোকজন অবস্থান করছেন। মাঝে মাঝেই তারা দলবেধে ঘুরে বেড়াচ্ছেন। তবে কোনো স্লোগান দিচ্ছেন না।
চারুকলা সংলগ্ন সড়কে সন্ধ্যা ৭টার দিকে একটি বড় মিছিল হতেও দেখা যায়। মিছিলটি বিএনপি নেতাকর্মীদের ছিল বলে স্থানীয় কয়েকজন বলেছেন।
এছাড়া মেহেরচণ্ডি, বিনোদপুর, কাজলা, অক্ট্রয় মোড় ও তালাইমারিতেও মোড়ে মোড়ে বিপুল লোকজনের জমায়েত রয়েছে।
এ বিষয়ে স্থানীয়দের কেউই নাম প্রকাশ করে মন্তব্য করতে চাননি।
এদিন ভোট শেষে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বিশ্ববিদ্যালয়ের ফটকের বিপরীতে বেতারের মাঠে কয়েক হাজার নেতাকর্মীকে জড়ো করা হয়েছে। তাদের ক্যাডার বাহিনী ‘অস্ত্র মজুদ’ রেখেছে।
বিকালে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবির। তবে তারা কারা সেটি সুস্পষ্ট করেননি তিনি।
অপরদিকে ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার সাধারণ সম্পাদক মুজাহিদ ফয়সাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্রদল ‘গুজব’ ছড়ানোর মাধ্যমে ‘ভোটের পরিবেশ’ নষ্ট করতে চাইছে।
এর আগে দুপুরে শিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল সংবাদ সম্মেলন করে অভিযোগ করে, ছাত্রদল নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করেছে।
ছাত্রদলের আবির বলেন, “সকালে ভোটের পরিবেশ সুষ্ঠু থাকলেও, তা পরে আর সুষ্ঠ থাকেনি। ক্যাম্পাসে বহিরাগতদের আনাগোনা বাড়ছে।
“বিশেষ করে স্টেশন বাজার, বিনোদপুর ফটক, চারুকলা ফটক এবং কাজলা ফটক দিয়ে লাল জার্সি পরা ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ লেখা অগণিত বহিরাগত লোক প্রবেশ করছে৷ বহিরাগতদের এভাবে তাদের প্যানেলের টি-শার্ট পরিয়ে ক্যাম্পাসে ঢুকিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পাঁয়তারা চলছে।”
ক্যাম্পাসের বাইরের এই জমায়েত বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিঘ্নিত করবে কিনা এমন প্রশ্নে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ক্যাম্পাসের বাইরে জমায়েতের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে বলা আছে। ক্যাম্পাসের বাইরে যদি জমায়েত হয়, তা আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। তবে এই জমায়েত ভোটের ফলাফলে কোনো প্রভাব ফেলবে না।”
এর আগে বেলা সাড়ে ১১টায় ব্যক্তিগত ফেইসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করে ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সুলতান আহমেদ রাহী অভিযোগ করেন, জামায়াত-শিবির ক্যাম্পাসের বাইরে ‘অস্ত্র বিলি’ করছে।
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার গাজিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ রকম একটি ভিডিও আমাদের নজরে এসেছে। ফেইসবুক থেকে ছড়ানো হয়েছে।
“আমাদের থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো ওই এলাকায় গিয়েছে। ভিডিও পরীক্ষা-নিরীক্ষা করে সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট এবং এটিকে একটি গুজব হিসেবে চিহ্নিত করেছে।”
আরও পড়ুন:
