২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিসিকে এলপিজি আমদানির অনুমতি দেওয়া হয়েছে: উপদেষ্টা

মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গণভোটের প্রচারে ‘ভোটের গাড়ির’ সামনে সাংবাদিকদের এসব কথা বলেন ফাওজুল কবির খান।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2026, 07:43 PM

Updated : 26 Aug 2026, 05:36 PM

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস-এলপিজি আমদানির জন্য বিপিসিকে অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তিনি বলেছেন, “৯৮ ভাগ এলপিজি বেসরকারি খাতে আমদানি হয়ে থাকে। এখন থেকে সরকারও আমদানি করবে। তাদেরকে এলপিজি আমদানির অনুমতি দেওয়া।

“আর আমদানি সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে করা হবে। এতে বাজারের ভারসাম্য হবে ও দাম নিয়ন্ত্রণে সহায়তা পাওয়া যাবে।”

সোমবার বিকালে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গণভোটের প্রচারে ‘ভোটের গাড়ির’ সামনে সাংবাদিকদের এসব কথা বলেন ফাওজুল কবির খান।  

এর আগে তিনি বেলা ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ মতবিনিময় সভায় বক্তব্য দেন। এ সময় তিনি মানুষকে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান। 

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম এ সময় উপস্থিত ছিলেন।