গোপালগঞ্জের পুকুরে নারীর লাশ ‘ভাসছিল কয়েকদিন ধরে’
“আমরা মনে করেছি, এটি মাছের খাদ্যের কোনো বস্তায় বাতাস ঢুকেছে, তাই বস্তার ফুলন্ত অংশ ভাসছে।”
গোপালগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যা কয়েকদিন ধরে ভাসলেও বুঝতে পারেননি স্থানীয়রা।
শনিবার ভোরে কোটালীপাড়া উপজেলার বাগান উত্তরপাড়া গ্রামের নিউটন মজুমদার লিটনের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কোটালীপাড়া থানার এসআই আল-আমিন।
পুকুরের মালিক নিউটন মজুমদার লিটন বলেন, “ভোরে আমার পুকুরে এক অজ্ঞাত নারীর লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেই। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে গেছে।”
এসআই আল-আমিন বলেন, বাগান উত্তরপাড়া গ্রামের পুকুরে মরদেহ ভাসছে এমন খবর পেয়ে অজ্ঞাত নারীর মরদেহটি উদ্ধার করেছি। আনুমাণিক ২৭ বছর বয়সী নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি। তার পরনে ছিল লালচে শাড়ি ও ব্লাউজ।
“মরদেহ দেখে মনে হচ্ছে কয়েকদিন ধরে পুকুরের পানিতে ভাসছিল।”
এ বিষয়ে জানতে চাইলে পুকুরের মালিক লিটন জানান, বাড়ির পাশের এ পুকুরটির অবস্থান উত্তর দিকে। সেখানে মানুষের যাতায়াত খুবই কম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মূলত ওই পুকুরে মাছ চাষ করা হয়। সেজন্য পুকুরে একাধিক বস্তাভর্তি মাছের খাবার দেওয়া হয়। এছাড়া পুকুরের মাচায় মুরগীর ফার্ম রয়েছে।
“প্রথমে মাথার কিছু অংশ ভাসতে দেখা যায়। বৃহস্পতিবার তা আমাদের চোখে পড়লেও তখন আমরা মনে করেছি, এটি মাছের খাদ্যের কোনো বস্তায় বাতাস ঢুকেছে, তাই বস্তার ফুলে যাওয়া অংশ ভাসছে।
“তবে শনিবার হাত-পাসহ পুরো মরদেহটি ভেসে ওঠে। তা দেখে পুলিশে খবর দেই।”
এসআই আল-আমিন বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর তার মৃত্যুর কারণ জানা যাবে।
