১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে আগুনে ৪ ঝুট গুদামের মালামাল ছাই

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2025, 03:26 PM

Updated : 26 Aug 2026, 05:16 PM

গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে অগ্নিকাণ্ডে চারটি ঝুট গুদাম পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার সকালে কোনাবাড়ী থানার আমবাগ নজরদিঘী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের পরিদর্শক সাইফুল ইসলাম।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানান, সকালে প্রথমে একটি ঝুট গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন শাহাদাত হোসেন, সানাউল্লাহ ও আবু সাঈদের ঝুট গুদামে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ও চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানান সাইফুল ইসলাম।

আগুনে টিনশেডের চারটি গুদাম ও ঝুট মালামাল পুড়ে গেছে; এতে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।