০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা সবকিছু তছনছ করে দিয়েছে: মির্জা ফখরুল

“বিএনপি হল সেই রাজনৈতিক দল, যে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছে।”

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2025, 03:01 PM

Updated : 26 Aug 2026, 02:15 PM

আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসন ব্যবস্থার কারণে অনেক প্রতিষ্ঠান ভেঙে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, “ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা সবকিছু তছনছ করে দিয়েছে। প্রতিটি প্রতিষ্ঠান ভেঙে পড়েছে। এগুলোকে পুনর্গঠন এবং গণতান্ত্রিক কাঠামো প্রতিষ্ঠার জন্য বিএনপি নতুন করে ৩১ দফা কর্মসূচি প্রণয়ন করেছে।”

সোমবার দুপুরে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি দেশের রাজনৈতিক ইতিহাসে বহুদলীয় গণতন্ত্রের ‘প্রবর্তক’ স্মরণ করিয়ে দিয়ে দলটির মহাসচিব বলেন, “একটা কথা সব সময় মনে রাখতে হবে, বিএনপি হল সেই রাজনৈতিক দল যে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছে।

“বিএনপি হল সেই রাজনীতিক দল যে আমাদের মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ২১ দফাকে কেন্দ্র করে বেগম খালেদা জিয়া নতুন বাংলাদেশের রূপকল্প দিয়েছেন।”

নেতাকর্মীদের কাছে আশাবাদ ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, “আজকে সম্মেলনের মধ্য দিয়ে এ জেলায় নতুন একটি বিএনপি গঠন করবেন। যে বিএনপি একদিকে নতুন পথ দেখাবে। তেমনি অন্যদিকে গণতান্ত্রিক ঠাকুরগাঁও প্রতিষ্ঠিত করবে।”

সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান শাসুজ্জামান দুদুসহ স্থানীয় অন্য নেতাকর্মীরা থাকবেন। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।