হট্টগোল-ভাঙচুর শুনে ঘরের বাইরে এসে রাজবাড়ীতে গুলিবিদ্ধ শিশু
ওসি বলেন, শহরের কলেজপাড়া বিনোদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
রাজবাড়ী সদর উপজেলায় দুপক্ষের সংঘর্ষের সময় এক শিশু গুলিবিদ্ধ হয়েছে।
রাজবাড়ী সদর থানার ওসি খোন্দকার জিয়াউর রহমান বলেন, বুধবার গভীর রাতে শহরের কলেজপাড়া বিনোদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সিফাত (১৩) ওই এলাকার সবজি ব্যবসায়ী মো. শফিকুল ইসলামের ছেলে। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিশুটির বাবা বলেন, রাতে তারা সবাই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ হট্টগোল ও ভাঙচুরের শব্দ পেয়ে ঘরের বাইরে এসে দাঁড়ান। তখন সিফাতের পেটে গুলি লাগে। তাকে রাজবাড়ী সদর হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এক প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম বলেন, “অন্ধকারে কাউকে চিনতে পারিনি। তাই বলতে পারছি না কারা মারমারি করছিলে।”
ওসি খোন্দকার জিয়াউর রহমান বলেন, “পূর্ব শত্রুতার জেরে দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশি অভিযান ও তদন্ত অব্যাহত আছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
