২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক দিনে কবরে নামল একই পরিবারের সাতজনের লাশ

বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে নাটোরের বড়াইগ্রামের তরমুজ পাম্প এলাকায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের আটজনই মারা যান।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2025, 09:38 PM

Updated : 26 Aug 2026, 01:26 PM

নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের সাতজনের দাফন সম্পন্ন হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ গ্রামের ফরাজিপাড়া কবরস্থানে চারজন, প্রাগপুর গ্রামে একজন এবং পাশের মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে আরও দুজনকে দাফন করা হয়। 

বুধবার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে নাটোরের বড়াইগ্রামের তরমুজ পাম্প এলাকায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের আটজনই মারা যান। আটজনের একজন ছিলেন চালক। বাকিরা একই পরিবারের সদস্য। তারা ধর্মদহ গ্রাম থেকে সিরাজগঞ্জে এক অসুস্থ আত্মীয়কে দেখতে যাচ্ছিলেন। 

নিহতরা হলেন- ধর্মদহ গ্রামের ফরাজিপাড়ার জাহিদুল ইসলাম (৫৫), তার স্ত্রী সেলিনা খাতুন (৫০), জাহিদুলের চাচাত ভাই শহিদুল ইসলামের স্ত্রী আনোয়ারা খাতুন (৫৫), অপর চাচাত ভাই মিজানুর রহমানের স্ত্রী আনোয়ারা খাতুন আন্নি (৫০), জাহিদুলের বোন ও প্রাগপুর গ্রামের রফেজ উদ্দিনের স্ত্রী রওশন আরা খাতুন (৪৫), জাহিদুলের শাশুড়ি ও গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামের মহম্মদ আলীর স্ত্রী আঞ্জুমান আরা খাতুন (৭৫) এবং শ্যালিকা সীমা আক্তার (৩৫) এবং ধর্মদহ গ্রামের জয়নালের ছেলে মাইক্রোবাসের চালক শাহাবুদ্দিন।

জাহিদুলের ছেলে সোহানুর রহমান সোহান এবং শহীদুল ইসলামের ছেলে সুইট রানা কুয়েত প্রবাসী। দুর্ঘটনার খবর পেয়ে তারা বৃহস্পতিবার দুপুরে ধর্মদহ গ্রামে এসে পৌঁছান। তখন সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

কান্নাজড়িত কণ্ঠে সোহানুর রহমান সোহান বলছিলেন, “আমার আর কেউ রইল না, আমি বাঁচব কাদের নিয়ে?” 

জাহিদুল ইসলামের ভাই শহিদুল ইসলামও পরিবারের সাতজনকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। তিনি কাঁদতে কাঁদতে বলছিলেন, “সকাল বেলা নিজ হাতে গাড়িতে তুলে দিয়েছি। কিন্তু নিজ হাতে আর বাড়িতে ফিরিয়ে আনতে পারিনি।”

তিনি বলেন, “আমি মনে করি, অপেশাদার অদক্ষ চালক এবং ফিটনেসবিহীন গাড়ির কারণে প্রতিদিন এভাবে রাস্তায় মানুষের প্রাণ যাচ্ছে। সবার এর বিরুদ্ধে দাঁড়ানো উচিত।”

মাইক্রোবাসের চালক শাহাবুদ্দিনকে বুধবার রাতেই ধর্মদহ গ্রামে দাফন করা হয়েছে। শাহাবুদ্দিন স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।   

শাহাবুদ্দিনের স্ত্রী আসমা খাতুন (২৫) বলছিলেন, “ছোট ছোট তিনটা ছেলেমেয়ে নিয়ে কীভাবে চলব? গত সপ্তাহে গাড়ির ইঞ্জিনের কাজ করে হাতে যা টাকা ছিলো সবই খরচ হয়ে গেছে। এখন আমি অকূল সাগরে পড়ে গেলাম।” 

দৌলতপুর থানার ওসি সোলাইমান শেখ বলেন, সবার দাফন সম্পন্ন হয়েছে। দুর্ঘটনার কারণ এই মুহূর্তে বলা কঠিন। মাইক্রোবাস ও ট্রাকের ফিটনেস ছিল কি-না পুলিশ খতিয়ে দেখবে।  

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল হাই সিদ্দিকী বলেন, নিহতদের পরিবারের পাশে প্রশাসন আছে। তাদের পাশে সাধ্যমত দাঁড়াবে প্রশাসন।