নবাবগঞ্জে শিশুকে পিটিয়ে হত্যা, আরেক শিশুসহ মা আটক
শিশুটিকে হত্যার পর লাশ গুম করতে মাটিতে পুঁতে রাখার চেষ্টা করা হয় বলে জানায় পুলিশ।
শিশুটিকে হত্যার পর লাশ গুম করতে মাটিতে পুঁতে রাখার চেষ্টা করা হয় বলে জানায় পুলিশ।
তুচ্ছ ঘটনার জেরে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ছয় বছরের এক শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ১২ বছরের আরেক শিশুর বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিশুটিসহ তার মাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার শোল্লা ইউনিয়নের শোল্লা চন্দ্রপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নবাবগঞ্জ থানার ওসি শাহ্ জালাল।
নিহত তরি বাড়ৈই (৬) ওই এলাকার সুমন ও বকুল বাড়ৈই দম্পতির মেয়ে। সে স্থানীয় দূর্গা মন্দিরে শিশু শ্রেণিতে পড়ত।
তরি বাড়ৈইয়ের মা বকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তরি বেলা ১১টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে বিকাল সাড়ে ৩টার দিকে প্রতিবেশীর বাড়ির পাশে কলাগাছের ঝোপের নিচে মাটিতে পুঁতে রাখা অচেতন অবস্থায় তরিকে পাওয়ায় যায়।
“তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমার একমাত্র মেয়েকে ওরা মেরে ফেলেছে। আমি ওদের ফাঁসি চাই।”
এ ঘটনায় প্রতিবেশী এক শিশু ও তার মাকে আটক করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেছে।
আটক শিশুকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে ওসি শাহ্ জালাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “তুচ্ছ বিষয় নিয়ে ওই দুই শিশুর মধ্যে প্রথমে ঝগড়া হয়। এক পর্যায়ে তরিকে চড় থাপ্পড় মারে ওই শিশুটি। পরে লাঠি দিয়ে তরির মাথায় আঘাত করা হলে সে মারা যায়।
“হত্যার পর লাশ গুম করতে মাটিতে পুঁতে রাখতে চেয়েছিল শিশুটি। লাশ গুম ও ঘটনার সঙ্গে শিশুটির মা জড়িত আছে সন্দেহে তাকেও আটক করা হয়েছে।”
ওসি বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হবে।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
