২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জে টেক্সটাইল মিলে বিস্ফোরণে দগ্ধ ২ জনের মৃত্যু

“কবির শরীরে ৫৩ শতাংশ দগ্ধ নিয়ে বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আর হান্নানের শরীরের ৪০ শতাংশ দগ্ধ ছিল।”

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2025, 01:53 PM

Updated : 26 Aug 2026, 12:39 PM

নারায়ণগঞ্জের রূপগঞ্জে টেক্সটাইল কারখানায় বিস্ফোরণে দগ্ধ দুই নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৯টায় কবির হোসেন এবং রোববার ভোররাত ৩টার দিকে মো. আব্দুল হান্নান চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। 

মৃতদের মধ্যে আব্দুল হান্নান (৫০) লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের মো. শফিকের ছেলে। আর কবির হোসেন (৪৫) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার মো. রফিকের ছেলে।

তারা দুজনই রূপগঞ্জ উপজেলার রূপসী কাজীপাড়া এলাকার জৈনপুরী আশরাফিয়া টেক্সটাইল মিলের নিরাপত্তা কর্মী।

এর আগে পহেলা মে বৃহস্পতিবার সকালে জৈনপুরী আশরাফিয়া টেক্সটাইল মিলে (মঞ্জু টেক্সটাইল) বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই টেক্সটাইল মিলের চারজন দগ্ধ হন।

চিকিৎসক শাওন বলেন, “কবির শরীরে ৫৩ শতাংশ দগ্ধ নিয়ে বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আর হান্নানের শরীরের ৪০ শতাংশ দগ্ধ ছিল।”

“অগ্নিকাণ্ডে কারখানাটির চারজন নিরাপত্তা কর্মী দগ্ধ হন। তাদের মধ্যে সাইফুল ইসলাম (৩২) নামে একজন এখনও বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। তার শরীরের ৩৪ শতাংশ দগ্ধ হয়েছে।”

বিস্ফোরণের পর রায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেছিলেন, “পহেলা মে শ্রমিক দিবসে কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম বন্ধ থাকায় উচ্চ চাপে গ্যাসের মিটার ব্লাস্ট হয়। সেখান থেকে আগুন ধরে যায়। এতে চারজন নিরাপত্তা প্রহরী দগ্ধ হন।”

বিস্ফোরণের পর ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই কারখানার লোকজনের সহায়তায় স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন বলেও জানান তিনি।

তবে এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী।

সোমবার দুপুরে তিনি সাংবাদিকদের বলেন, “ঘটনার পর পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ বিষয়ে আমরা ফলোআপ রাখছি। তবে কোনো পক্ষ চাইলে এই ঘটনায় মামলা করতে পারেন।”

রূপগঞ্জে টেক্সটাইল মিলে বিস্ফোরণে দগ্ধ ৪