১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘পাচারকারীদের’ ফেলে যাওয়া ব্যাগে মিলল ১ লাখ ২০ হাজার ইয়াবা

চারটি ফেনসিডিল ও দুটি ধারালো দা উদ্ধার হয়েছে, বলছে কোস্টগার্ড।

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2025, 03:32 PM

Updated : 26 Aug 2026, 11:44 AM

কক্সবাজারে টেকনাফের সাবরাংয়ের সমুদ্র উপকূলে কোস্টগার্ড ও র‌্যাবের যৌথ অভিযানে মাদক পাচারকারীদের ফেলে যাওয়া ট্রলার থেকে মাদক ও ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে।

সোমবার রাত ১টায় খুরেরমুখ এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান কোস্টগার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক।

তবে এ সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

সিয়াম-উল-হক বলেন, “সাবরাং ইউনিয়নে সমুদ্র উপকূলের খুরেরমুখ এলাকা দিয়ে মাদকের বড় একটি চালান পাচারের খবরে কোস্টগার্ড ও র‌্যাবের একটি যৌথ দল অভিযান চালায়। এ সময় সাগরে উপকূলের কাছাকাছি সন্দেহজনক একটি ট্রলার দেখতে পেয়ে যৌথ দলের সদস্যরা থামার জন্য নির্দেশ দেন।

“এ সময় কোস্টগার্ড ও র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ট্রলারটি তীরে ভিড়িয়ে কৌশলে পালিয়ে যায়। তাদের ধাওয়া দিয়েও আটক করা সম্ভব হয়নি। পাচারকারীদের ফেলে যাওয়া ট্রলারটি জব্দ করে তল্লাশি চালিয়ে একটি ব্যাগ ও বস্তা উদ্ধার করা হয়।”

পরে ব্যাগ ও বস্তাটি খুলে ১ লাখ ২০ হাজার ইয়াবা, ৪টি ফেনসিডিল ও ২টি ধারালো দা পাওয়া যায় বলে জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।  

তিনি বলেন, উদ্ধার মাদকগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তত্ত্বাবধানে ধংস করার উদ্যোগ নেওয়া হয়েছে। আর মাদক পাচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে টেকনাফ থানায় মামলার প্রস্তুতি চলছে।