বরিশালে অস্ত্রসহ আটক ডাকাতের ১০ বছরের কারাদণ্ড
২০১৬ সালে টহল পুলিশ অস্ত্রসহ ওই ডাকাতকে আটক করে।
বরিশালের বাকেরগঞ্জে অস্ত্রসহ আটক এক ডাকাতের ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার বিচারক মেহেদী আল মাসুদ এ রায় ঘোষণা করেন বলে বরিশাল বিশেষ জজ আদালতের বেঞ্চ সহকারী হারুন অর রশিদ জানান।
দণ্ডিত নয়ন হাওলাদার জেলার বাকেরগঞ্জ উপজেলার উত্তর কাটাদিয়া এলাকার বাসিন্দা।
২০১৬ সালের ৩০ অগাষ্ট দেশীয় তৈরি পাইপগানসহ আটক হন তিনি।
আসামির উপস্থিতিতে বিচারক রায় ঘোষণা করেন বলে ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নাসির আহম্মেদ খান জানান। পরে দণ্ডপ্রাপ্তকে কারাগারে পাঠানো হয়।
ওই আদালতের বেঞ্চ সহকারী হারুন অর রশিদ মামলার বরাতে জানান, ওই দিন বাকেরগঞ্জ থানার উত্তর কাটাদিয়া এলাকায় টহল পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় একদল ডাকাত। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ডাকাতরা পিছু হটে। এ সময় ধাওয়া দিয়ে কার্তুজ ভর্তি দেশীয় তৈরি পাইপগানসহ নয়নকে আটক করে টহল পুলিশ। পরে ঘটনাস্থল থেকে রামদা, ছোড়া ও কাতুর্জের খোসাও উদ্ধার করা হয়।
এ ঘটনায় বাকেরগঞ্জ থানার সেসময়ের এসআই আরাফাত রহমান হাসান বাদী হয়ে মামলা করেন।
পরে একই থানার সেসময়ের এসআই সিরাজুল ইসলাম একমাত্র নয়নের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। বিচারক ৮ জনের সাক্ষ্য নিয়ে রোববার (১৬ এপ্রিল) রায় ঘোষণা করেন।
