২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি ২৩-২৪ অক্টোবর

শিক্ষার্থীদের সশরীরে বিশ্ববিদ্যালয়ে এসে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি ২৩-২৪ অক্টোবর
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2024, 07:26 PM

Updated : 26 Aug 2026, 10:44 AM

গুচ্ছভুক্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি চলবে আগামী ২৩ ও ২৪ অক্টোবর।

২৩ অক্টোবর এ ইউনিটের (বিজ্ঞান) এবং ২৪ অক্টোবর বি ইউনিট (মানবিক) ও সি ইউনিটে (ব্যবসায়) মনোনীত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলে বৃহস্পতিবার দুপুরে জানান বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক আবু সাঈদ আরফিন খান। 

এর আগে বুধবার রাতে গুচ্ছের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গুচ্ছের মাধ্যমে এর মধ্যেই যেসব শিক্ষার্থী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি সম্পন্ন করেছেন (কিন্তু অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশনের জন্য মনোনীত হননি) অথবা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি সম্পন্ন করার পর মাইগ্রেশনের মাধ্যমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য মনোনীত হয়েছেন; তাদের ২৩ ও ২৪ অক্টোবর চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষার্থীদের সশরীরে বিশ্ববিদ্যালয়ে এসে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কোনো শিক্ষার্থী ওই সময়ে উপস্থিত হতে না পারলে তার ভর্তি বাতিল বলে গণ্য হবে। 

এছাড়া চূড়ান্ত ভর্তির পূর্বে শিক্ষার্থীদের মোবাইলে মেসেজ পাঠানো হবে। আরও বিস্তারিত তথ্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেই হালনাগাদ করা হবে।

তবে অধ্যাপক আবু সাঈদ আরফিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোনো শিক্ষার্থীর যদি রিয়েল কোনো সমস্যা থাকে তাহলে সেটা ভর্তি কমিটি বিবেচনা করে দেখবে এবং পরবর্তী আরেকটি রাউন্ডে ওই শিক্ষার্থীকে কল করা হবে।” 

তিনি আরও বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ে তিনটি ইউনিট মিলে মোট সিট আছে ১ হাজার ৬৭১টি। এর মধ্যে ২৩ ও ২৪ অক্টোবরের ভর্তি পর্বে মোট ১ হাজার ৬০১ জনকে ডাকা হয়েছে। অবশিষ্ট ৭০টি সিট পূরণ করার জন্য আমরা আরেকটি মেধা তালিকা প্রকাশ করব।

“এ তালিকার অন্তর্ভুক্ত শিক্ষার্থীদের কল করার সময় আগের মেধা তালিকায় যারা নির্ধারিত তারিখে ভর্তি হতে পারেননি, তখন তাদেরকে এ মেধা তালিকা শিক্ষার্থীদের সঙ্গে ভর্তির সুযোগ দেওয়া হবে।”

ভর্তি ফি সম্পর্কে তিনি বলেন, “চূড়ান্ত ভর্তি প্রক্রিয়ায় শিক্ষার্থীদের ১৩ হাজার টাকা জমা দিতে হবে। এ ফিতে ভর্তিকৃত শিক্ষার্থীর প্রথম সেমিস্টারের ক্রেডিট ফি ব্যতীত সেমিস্টার ফি, রেজিস্ট্রেশন ফি, স্বাস্থ্য ফি, পরিবহন ফি-সহ যাবতীয় সব ফি অন্তর্ভুক্ত রয়েছে।”

ভর্তি ফি ছাড়াও শিক্ষার্থীদের প্রাথমিক ভর্তির ‘কনফারমেশন স্লিপ’ অথবা এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র তাদের সঙ্গে নিয়ে আসতে হবে।

এছাড়া কোটায় ভর্তি প্রার্থীদের জন্য ভর্তি নির্দেশিকায় উল্লিখিত মূল প্রত্যয়ন/সনদপত্রসমূহ সঙ্গে আনতে হবে। 

শাবিপ্রবির ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক মো. রেজা সেলিম বলেন, “স্নাতক প্রথম বর্ষে চূড়ান্ত ভর্তির জন্য শিক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে জানানো হবে। এছাড়া ভর্তি সংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে বিস্তারিত প্রকাশ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের আগামী ৩ নভেম্বর থেকে ক্লাস শুরু হবে। এর আগে ২৮ থেকে ৩০ অক্টোবরের মধ্যে যে কোনো একদিন তাদের নবীনবরণ অনুষ্ঠিত হবে।”