হবিগঞ্জে জমির বিরোধে ‘বড় ভাইয়ের হাতে’ ছোট ভাই নিহত
বাড়ির পাশের হাওরে যাওয়ার পথে হামলার শিকার হন তিনি।
হবিগঞ্জ সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে ছোট ভাই নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার সকালে উপজেলার নিজামপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে হবিগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক গোলাম মতুর্জা জানান।
নিহত শুকুর মিয়ার (৪৫) আপন বড় ভাই শাহাজাহান মিয়া।
স্থানীয়দের বরাতে ওসি জানান, ওই দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। সকালে শুকুর মিয়া কৃষি কাজের জন্য বাড়ির পাশের হাওরের উদ্দেশ্যে রওয়ানা হন। পথে শাহাজাহান মিয়াসহ কয়েকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
“এ সময় পরিবারের অন্যরা উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শুকুর মিয়াকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।”
পরিদর্শক গোলাম মতুর্জা বলেন, “এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। অন্যদের ধরতে পুলিশের অভিযান চলছে।”
