২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় ঘুমন্ত নারীকে কুপিয়ে জখম, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

শুক্রবার রাতে যেকোনো সময় বাবার বাড়িতে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয।

চুয়াডাঙ্গায় ঘুমন্ত নারীকে কুপিয়ে জখম, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2026, 02:04 PM

Updated : 26 Aug 2026, 03:26 PM

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় হামলায় কুপিয়ে জখম করার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়েছে।   

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে তার মৃত্যু হয় বলে জীবননগর থানার ওসি সোলায়মান শেখ জানিয়েছেন। 

নিহত ২৭ বছর বয়সী ববিতা আন্দুলবাড়িয়া ইউনিয়নের ডুমুরিয়া দক্ষিণ পাড়ার বাসিন্দা সানোয়ার হোসেনের মেয়ে।

স্থানীয়রা বলছে, দুই সন্তানের জননী ববিতা স্বামী পরিত্যক্তা ছিলেন। তিনি তার দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতেই থাকতেন। শুক্রবার রাত আনুমানিক ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে যেকোনো সময় ববিতার বাবার বাড়িতে ঢুকে তাকে ঘুমন্ত অবস্থায় তাকে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

গুরুতর অবস্থায় স্বজনরা প্রথমে তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। 

ওসি সোলায়মান শেখ বলেন, “ববিতার মৃত্যুর খবর পেয়ে পুলিশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছায়। তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।” 

ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।