টাঙ্গাইলে জাল ভোট দেওয়ায় সহকারী প্রিজাইডিং কর্মকর্তার কারাদণ্ড
নির্বাচনের শেষ সময়ে এসে খায়রুল ইসলাম একজন প্রার্থীর প্রতীকে পাঁচটি জাল ভোট দেন।
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় জাল ভোট দেওয়ায় এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকালে উপজেলার হেমনগর ইউনিয়নের খামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা খায়রুল ইসলামকে এ কারাদণ্ড দেওয়া হয়।
খায়রুল ইসলাম উপজেলার খামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান বলেন, নির্বাচনের শেষ সময়ে এসে খায়রুল ইসলাম একজন প্রার্থীর প্রতীকে পাঁচটি জাল ভোট দেন। পরে সিলযুক্ত ব্যালট পেপার বাক্সে ফালানোর সময় সেখানে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস তাকে হাতেনাতে ধরে ফেলেন।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই কর্মকর্তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় বলে জানান নাজমুল হাসান।
