ময়মনসিংহে আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টার অভিযোগে অধ্যক্ষ আটক
মনোয়ার হোসেন খান মিনার নগরীর নতুন বাজারের ব্যক্তি মালিকানাধীন ক্যাপিটাল কলেজের অধ্যক্ষ।
ময়মনসিংহে পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টার অভিযোগে এক কলেজ অধ্যক্ষকে আটক করা হয়েছে।
আটক মনোয়ার হোসেন খান মিনার (৪৫) নগরীর নতুন বাজারের ব্যক্তি মালিকানাধীন ক্যাপিটাল কলেজের অধ্যক্ষ। তিনি ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ছিলেন।
বুধবার বিকাল ৪টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে তাকে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে আটক করে বলে সেনাবাহিনীর ১৩ ব্যাটালিয়ানের অধীন ময়মনসিংহ সদর ক্যাম্পের কমান্ডার মেজর জায়েদ সাদ আল রাব্বী জানান।
তিনি জানান, “সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের সংগঠিত করে সহিংসতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে মিনারকে আটক করা হয়েছে। তার মোবাইল ফোন এবং তার ব্যবহৃত বেশ কয়েকটি ডিভাইসে বিভিন্ন অ্যাপস ব্যবহার করে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেছে।”
অধ্যক্ষ মিনারকে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানান সেনা কর্মকর্তা।
