১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

‘ঘুমের ট্যাবলেট’ খেয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক

নেশা করা নিয়ে স্ত্রী রিনার সঙ্গে নাহিদের বাকবিতণ্ডা হয় তার। এক পর্যায়ে উত্তেজিত হয়ে স্ত্রীর বুকে ছুরিকাঘাত করেন তিনি ।

‘ঘুমের ট্যাবলেট’ খেয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক
মো. নাহিদ হোসেন।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2024, 12:53 PM

Updated : 10 Sep 2026, 12:26 PM

নোয়াখালীতে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে তার স্বামীকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, ওই যুবক নেশা করার উদ্দেশ্যে ‘অতিরিক্ত ঘুমের ট্যাবলেট’ খাওয়ার পর এ হত্যাকাণ্ড ঘটান। 

সোমবার রাতে দ্বীপ উপজেলা হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম মাইজচরা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান হাতিয়া থানার ওসি মো. মনিরুজ্জামান। 

নিহত গৃহবধূ রিনা আক্তার (২২) পশ্চিম মাইজচরা গ্রামের নাদু মিয়ার মেয়ে। তার স্বামী মো. নাহিদ হোসেন (২৬) খুলনা জেলার রাজাপুর গ্রামের প্রয়াত খলিল মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ফার্নিচার মিস্ত্রি।

চার বছর আগে নাহিদ ও রিনার বিয়ে হয়। বিয়ের পর স্ত্রীকে নিয়ে প্রায়ই শ্বশুর বাড়িতে আসা-যাওয়া করতেন নাহিদ। এ ধারাবাহিকতায় ১০-১২ দিন আগে স্ত্রী ও একমাত্র ছেলেকে নিয়ে শ্বশুর বাড়িতে যান তিনি।

স্থানীয়দের বরাতে ওসি মনিরুজ্জামান বলেন, সোমবার সন্ধ্যার দিকে স্থানীয় চরচেঙ্গা বাজারের ওষুধের দোকান থেকে বেশ কয়েকটি ঘুমের ওষুধ কিনে সেবন করেন নাহিদ। পরে নেশাগ্রস্ত অবস্থায় রাত ৯টার দিকে শ্বশুরবাড়িতে ফিরেন।

“পরে নেশা করা নিয়ে স্ত্রী রিনার সঙ্গে তার বাকবিতণ্ডা হয় তার। এ নিয়ে উত্তেজিত হয়ে স্ত্রীর বুকে ছুরিকাঘাত করেন নাহিদ।” 

এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই রিনার মৃত্যু হয়। তাৎক্ষণিক নিহতের স্বজনেরা তাকে আটক করে।

ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে আটক স্বামীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।