বরিশালে ডোবায় ভাসছিল ছাগল ব্যবসায়ীর লাশ
জানে আলমের স্ত্রী রহিমা বেগমের ধারণা, দুর্বৃত্তরা টাকা ছিনিয়ে নিয়ে জানে আলমকে হত্যার পরে ডোবায় ফেলে দিয়েছে।
বরিশালের মুলাদী উপজেলায় ডোবা থেকে এক ছাগল ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বেলা ৩টার দিকে উপজেলার পশ্চিম চরকালেখান গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয় বলে মুলাদী থানার ওসি মো. জাকারিয়া জানিয়েছেন।
লাশ উদ্ধার হওয়া মো. জানে আলম বেপারী (৪০) শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার ফরিদপুর গ্রামের সাতকুড়ি বেপারীর ছেলে।
ওসি জাকারিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার বিকালে পশ্চিম চরকালেখান গ্রামের মাওলানা শামসুল ইসলাম বাড়ির পাশের ডোবায় লাশ ও জুতা ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
“ডোবার পানির মধ্যে থেকে ওই ব্যক্তির মোবাইল পাওয়া যায়। পরে লাশের পকেটে থাকা পলিথিনে মোড়ানো কাগজপত্র ও মোবাইল নম্বরে যোগাযোগ করা হয়। খবর পেয়ে তার স্বজনরা এসে পরিচয় শনাক্ত করেন।”
জানে আলমের স্ত্রী রহিমা বেগম জানান, তার স্বামী ছাগলের ব্যবসা করেন। শুক্রবার সকালে মুলাদী উপজেলার চরকালেখান মাদ্রাসা বাজারে ছাগল কিনতে বের হয়েছিলেন। স্ত্রীর ধারণা, দুর্বৃত্তরা টাকা ছিনিয়ে নিয়ে তার স্বামীকে হত্যার পরে ডোবায় ফেলে দিয়েছে।
ওসি জাকারিয়া বলেন, ধারণা করা হচ্ছে শুক্রবার সন্ধ্যার পর হয়ত ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্ত করে প্রতিবেদন পেলে সঠিক কারণ বলতে পারব।
